নাশকতা না দুর্ঘটনা জবাব মিলল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সাত মাসেও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) গুদামে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি। এরই মধ্যে আবার নাশকতার আশঙ্কা করছে এনসিটিবি। চলতি মাসে পুলিশসহ গোয়েন্দা সংস্থার কাছে চিঠি দিয়ে মতিঝিলের পাঠ্যপুস্তক ভবনে পুলিশ মোতায়েনের অনুরোধ জানানো হয়েছে। তবে গতকাল সোমবার পর্যন্ত সেখানে পুলিশ মোতায়েন করা হয়নি।গত বছরের ১৮ অক্টোবর ভোরে এনসিটিবির তেজগাঁওয়ে অবস্থিত গুদামে আগুন লাগে। পুড়ে নষ্ট হয়ে যায় প্রায় সাত কোটি টাকার (সরকারি হিসাব অনুযায়ী) মুদ্রণ কাগজ, কার্টিজ কাগজ ও বই।ঘটনা তদন্তে মন্ত্রণালয়ের গঠিত কমিটি বিষয়টিকে ‘নাশকতা’ বলে আশঙ্কা প্রকাশ করে প্রতিবেদন দেয়। অন্যদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এটিকে দুর্ঘটনা বলেছে। তবে কীভাবে নাশকতা বা দুর্ঘটনা ঘটল, সে বিষয়টি এখনো স্পষ্ট হয়নি।গুদামে অগ্নিকাণ্ডের পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অগ্নিকাণ্ডকে ‘নাশকতা’ হিসেবে উল্লেখ করেছিলেন। তবে শেষ পর্যন্ত এ আগুন লাগার কারণ নিয়ে স্পষ্ট কোনো কথা বলেননি সরকারের কেউই। ঘটনা তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাজিয়া বেগমকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটিও গঠন করা হয়। কমিটি প্রতিবেদন দাখিল করলেও সেটি প্রকাশ করা হয়নি।শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ওই কমিটি তদন্ত শেষে নাশকতার আশঙ্কা প্রকাশ করে প্রতিবেদন দিয়েছে। এরপর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কয়েকটি গোয়েন্দা সংস্থাকে চিঠি দিয়ে অনুরোধ করে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা কোনো সংস্থার পক্ষ থেকে এ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়কে কিছুই জানানো হয়নি।এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘মন্ত্রণালয়ের প্রতিবেদনে নাশকতার ইঙ্গিত পাওয়া যায়। কিন্তু এ বিষয়টি নিশ্চিত করার জন্য যেসব আইনি প্রক্রিয়া বা জিজ্ঞাসাবাদ দরকার, তা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে করা সম্ভব নয়।’এদিকে আগুন লাগার ঘটনায় তদন্তে নেমেছিল সিআইডি। একজন সিআইডি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, তদন্তে বিষয়টি দুর্ঘটনা বলে প্রমাণ পাওয়া গেছে। সেভাবেই প্রতিবেদন দেওয়া হয়েছে।আবারও নাশকতার আশঙ্কা: ৬ মে সরকারের বিভিন্ন সংস্থার কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়, ২০১১ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, কারিগরি ও মাধ্যমিক স্তরের বিনা মূল্যে বই দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এসব বই ছাপতে ২২ হাজার ৩৩৯ টন মুদ্রণ কাগজ ও এক হাজার ১৩৩ টন কার্টিজ কাগজ কেনার জন্য দরপত্র চাওয়া হয়েছে। এ ছাড়া ইবতেদায়ি স্তরের পাঠ্যবই মুদ্রণ ও বিতরণের দরপত্রও চাওয়া হয়েছে। এসব কর্মকাণ্ডের জন্য দরপত্রদাতাদের কাছ থেকে বোর্ড কর্তৃপক্ষ প্রতিনিয়ত হুমকির সম্মুখীন।এনসিটিবির সচিব ব্রজগোপাল ভৌমিকের সই করা ওই চিঠিতে ৯ মে থেকে ৬৯-৭০ মতিঝিলের এনসিটিবি ভবনে সার্বক্ষণিক নিরাপত্তা বিধানের জন্য পাঁচজন পুলিশ মোতায়েনের অনুরোধ করা হয়। ব্রজগোপাল ভৌমিক বলেন, ‘পুলিশ মোতায়েনের প্রস্তাব নিয়মিত কাজের অংশ।’ তিনি জানান, এখন পর্যন্ত পুলিশ দেওয়া হয়নি।