নাসির উদ্দীন পিন্টুর জামিন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর (বর্তমান বিজিবি) বিদ্রোহের মামলায় বিএনপির নেতা নাসির উদ্দীন আহম্মেদ পিন্টুর জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ১২ জুন শুনানির জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন।তবে নারায়ণগঞ্জের আওয়ামী লীগের কার্যালয়ে বোমা হামলা মামলায় আবদুস সালাম পিন্টুর জামিন আদেশ স্থগিত হয়নি।৭ জুন হাইকোর্টের একটি বেঞ্চ পৃথক দুটি মামলায় বিএনপির এ দুই নেতার ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিলেন। এতে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। গতকাল ওই আবেদনের ওপর শুনানি হয়। দুই নেতার পক্ষে আইনজীবী রফিক-উল হক ও খন্দকার মাহবুব হোসেন এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।খন্দকার মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, নাসির উদ্দীন পিন্টুর জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ ১২ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে। ওই দিন বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়েছে। আবদুস সালাম পিন্টুর জামিনের বিষয়ে কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। বিষয়টির ওপর ১৬ জুন নিয়মিত বেঞ্চে শুনানির জন্য তা পাঠিয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।নাসির উদ্দীন পিন্টুর মামলায় তাঁর বিরুদ্ধে রাজধানীর পিলখানার বিদ্রোহী বিডিআর জওয়ানদের পলায়নে সহায়তার অভিযোগ আনা হয়েছে।