নায়ক পলাশ খান মাদক মামলায় এক দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র প্রাণ বান্ধব-এর নায়ক পলাশ খানকে মাদক মামলায় এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। পলাশ খানের অভিযোগ, স্ত্রীর কথামতো না চলায় শাশুড়ি তাঁকে ফাঁসিয়ে দিয়েছেন। গতকাল গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) হরিদাশ রায় আসামিকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ড চান। মহানগর হাকিম এম এ সালাম এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। পলাশ খান রাজধানীর শ্যামপুর থানার জুরাইনে থাকেন। আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, আসামি পলাশ খান একজন মাদক ব্যবসায়ী। তিনি রাজধানীর বিভিন্ন স্থানে মাদকদ্রব্য সরবরাহ ও বিক্রি করে থাকেন। আসামির কাছ থেকে ৮০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। পলাশ খান আদালতকে বলেন, ‘স্যার, আমার কোনো আইনজীবী নেই। আমি কিছু বলতে চাই।’ তিনি আদালতকে বলেন, তিনি চলচ্চিত্রে অভিনয় করেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। এরপর তাঁর শাশুড়ি তাঁকে হুমকি দিয়ে বলেন, মেয়ের কথামতো না চললে তাঁকে মেরে ফেলা হবে। পলাশ খান আরও বলেন, ‘আমার শাশুড়ি রহিমা বেগম একজন মাদক ব্যবসায়ী। পুলিশের সোর্স লিটনের মাধ্যমে গত শনিবার আমাকে ধরিয়ে দেয়। আমার কাছ থেকে যে মাদক উদ্ধার দেখানো হয়েছে, তা আমার নয়। আমার ধারণা, তা আমার শাশুড়ির।’ ২৬ মে মাদকদ্রব্য আইনের ১৯(১) এর ১(খ) ধারায় পলাশকে আসামি করে গেন্ডারিয়া থানার এএসআই খয়রাত হোসেন এ মামলা করেন।