নায়েমের বিদায়ী ডিজির প্রশ্নবিদ্ধ যত নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) বিদায়ী মহাপরিচালক শামসুর রহমান প্রয়োজন ছাড়া ৩৭ জনকে বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন, প্রশিক্ষণার্থীদের কাছ থেকে অবৈধভাবে টাকা কেটে রেখেছেন, মিলনায়তনের নামে কেনা শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) নিজের বাসায় লাগিয়েছেন। মহাপরিচালকের বিরুদ্ধে এসব অনিয়মের তথ্য পাওয়া গেছে সরকারি তদন্ত কমিটির প্রতিবেদনে। তদন্ত কমিটির প্রধান শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. রফিকুজ্জামান প্রথম আলোকে বলেন, প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে শামসুর রহমান প্রথম আলোকে বলেন, এসব অভিযোগ মিথ্যা। নায়েম কলেজশিক্ষকদের বুনিয়াদিসহ বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ দেয়। মহাপরিচালকের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দপ্তরের চিঠি পেয়ে শিক্ষা মন্ত্রণালয় রফিকুজ্জামানকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, নায়েমে ২০১০ সালের ১ জানুয়ারি থেকে ২০১১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দৈনিক মজুরির ভিত্তিতে (কাজ নেই মজুরি নেই) ৩৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে একজন ডিপ্লোমা প্রকৌশলী, নয়জন অফিস সহকারী, এমএলএসএস ২১ জন, ঝাড়ুদার দুজন, ইলেকট্রিশিয়ান একজন ও গাড়িচালক তিনজন। তদন্ত কমিটি বলছে, এসব নিয়োগের প্রয়োজন ছিল না। মহাপরিচালককে এ কাজে সহযোগিতা করেছেন উপপরিচালক (প্রশাসন ও অর্থ) কে এম কাওসার আলী। এ বিষয়ে শামসুর রহমান প্রথম আলোকে বলেন, প্রয়োজনেই ১৯-২০ জনকে নিয়োগ দেওয়া হয়।প্রতিষ্ঠানে বুনিয়াদি কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের কাছ থেকে জনপ্রতি প্রতিদিন ৬৫ টাকা করে কেটে রাখে নায়েম। কমিটি বলছে, লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রসহ (পিএটিসি) অন্য কোনো প্রশিক্ষণ-প্রতিষ্ঠানে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে এ রকম টাকা কেটে রাখার নজির নেই। টাকা কাটার বিষয়ে নায়েমের বোর্ডসভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। বিদায়ী মহাপরিচালক বলেন, প্রশিক্ষণার্থীদের সঙ্গে আলোচনা করে তাঁদের সেবার জন্যই এ টাকা কাটা হয়। এটা ২০ বছর ধরেই হচ্ছে। এসি ডিজির বাসায়: তদন্ত প্রতিবেদনে বলা হয়, মহাপরিচালকের বাসায় দুটি এসি লাগানো হয়েছে। এসি দুটি নায়েমের মিলনায়তনের নামে কেনা। এই কাজটি আইনগতভাবে সঠিক হয়নি।মিলনায়তন ভাড়ার রসিদ যাচাই করে তদন্ত কমিটি দেখেছে, ভাড়া দেওয়ার জন্য নির্ধারিত হার মানা হয়নি। নির্ধারিত ভাড়ার চেয়ে কমে মিলনায়তন ভাড়া দেওয়ার ক্ষেত্রে মহাপরিচালক একক ক্ষমতা প্রয়োগ করেছেন। এ বিষয়ে শামসুর রহমান বলেন, ‘অনেক সময় দেখা যায় শিক্ষামন্ত্রী, শিক্ষাসচিব কিংবা আমি প্রধান অতিথি। সেখানে কি ভাড়ার টাকা নেওয়া যায়?’ নিয়মবহির্ভূত ব্যয়: তদন্ত প্রতিবেদনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়কে অবহিত না করে মহাপরিচালক প্রশিক্ষণ খাতে বরাদ্দ করা টাকা অন্য খাতে ব্যয় করেছেন। এটা গুরুতর আর্থিক অনিয়ম। প্রশিক্ষণ খাতের টাকা দিয়ে একটি এনজিওকে প্রশিক্ষণ পরিচালনা করতে দিয়ে মহাপরিচালক ক্ষমতাবহির্ভূত কাজ করেছেন। এ ছাড়া যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া তিনি যখন-তখন সরকারি গাড়ি ও তেল ব্যবহার করে বিভিন্ন জেলা সফর করেছেন। দীর্ঘদিন বিদেশে থাকা শামসুর রহমান বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান। সম্প্রতি তাঁর চুক্তির মেয়াদ শেষ হয়েছে।