নিউমার্কেটের ভেতর-বাইরের অবৈধ দোকান সরেনি

রাজধানীর নিউমার্কেটের ভেতর-বাইরের ফুটপাতের সেই অবৈধ দোকানপাট এখনো সরানো হয়নি। ফুটপাতে দোকানের সংখ্যা আগের চেয়ে বেড়েছে।
নিউমার্কেটের মূল দোকানিরা নিজের দোকানের সামনের ফুটপাত অবৈধভাবে ভাড়া দিচ্ছেন বলে অভিযোগ আছে।
গত বুধবার নিউমার্কেটের ভেতরে অবৈধ সব দোকানপাট তিন দিনের মধ্যে সরিয়ে নিতে নির্দেশনা দিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শাহিনা খাতুন। ওই দিন তিনি প্রথম আলোকে বলেছিলেন, মার্কেটের ভেতরে ফুটপাতের প্রতিটি অস্থায়ী দোকান থেকে মাসে ১৫ হাজার টাকা ভাড়া নিচ্ছেন মূল দোকানিরা। এসব দোকান ভাড়া নিতে তাঁদের অগ্রিম দিতে হয় সাড়ে তিন লাখ টাকা।
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, নিউমার্কেটের চারপাশে ফুটপাত দখল করে জামা-কাপড়সহ বিভিন্ন পণ্য বিক্রি করছেন দেড় শতাধিক হকার। একইভাবে মার্কেটের ভেতরে প্রতিটি ফুটপাত দখল করে বেচাকেনা করছেন প্রায় ৫০০ হকার। নিউমার্কেটের ৪ নম্বর ফটক এলাকায় ফাস্টফুডের দোকানের মালামাল রাখা হয়েছে ফুটপাতের ওপর। এতে এক দোকান থেকে অন্য দোকানে যেতে ক্রেতাদের অনেকটা পথ ঘুরতে হয়। অথচ গত বুধবার এই মার্কেটের ভেতরে ফুটপাত ভাড়া দেওয়া ৩০ জন মূল দোকানিকে জরিমানা করেছিল ডিএসসিসি। তবে ওই দিন মার্কেটের ভেতরে একদিকে উচ্ছেদ অভিযান চলছে, অন্যদিকে আবার মালামাল নিয়ে ফুটপাতে কিছু দোকানিকে বসতে দেখা গেছে।
নিউমার্কেটে কেনাকাটা করতে এসেছেন গ্রিন রোডের বাসিন্দা আবদুল আলিম। তিনি বলেন, হকারদের কারণে নিউমার্কেট এখন গিঞ্জি পরিবেশে রূপ নিয়েছে। স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করা যায় না। ফুটপাত দখলে থাকায় এক দোকান থেকে সরাসরি আরেক দোকানে যাওয়া যায় না।
ডিএসসিসির অঞ্চল-১ সূত্র জানায়, নিউমার্কেটের ভেতর-বাইরের ফুটপাত দখলমুক্ত করতে গত ছয় মাসে অন্তত সাতবার উচ্ছেদ অভিযান চালিয়েছিল ডিএসসিসি। কিন্তু তাদের এই উচ্ছেদের ফলাফল শূন্য। নিউমার্কেটের ভেতরের ফুটপাতের দোকান নিয়ন্ত্রণ করছেন মার্কেটের মূল দোকানিরা, বাইরে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতারা। তাঁদের কারণেই উচ্ছেদ অভিযান সফল হচ্ছে না৷
নাম প্রকাশে অনিচ্ছুক নিউমার্কেটের এক ব্যবসায়ী বলেন, সবার দেখাদেখি তিনিও দুই বছর আগে তিন লাখ টাকা অগ্রিম নিয়ে নিজ দোকানের সামনের ফুটপাত ভাড়া দিয়েছেন। ফুটপাত থেকে মাসে ভাড়া আসে ১২ হাজার টাকা। যদিও আজ থেকে পাঁচ বছর আগে নিউমার্কেটের ভেতরে তেমন অবৈধ দোকানপাট ছিল না।
জানতে চাইলে গতকাল শাহিনা খাতুন বলেন, কয়েক দিনের মধ্যে আবার নিউমার্কেটে উচ্ছেদ অভিযান চালানো হবে। অবৈধ কোনো দোকানপাট পেলে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে।