নিকুঞ্জ লেকে স্থাপনা নির্মাণ তিন মাস বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিকুঞ্জ লেক দখল করে মাটি ভরাট ও নির্মাণকাজ আগামী তিন মাস বন্ধ থাকবে। এ জন্য তিন মাস স্থিতাবস্থা বজায় রাখাতে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে নিকুঞ্জ লেক রক্ষা ও লেকের মধ্যে থাকা স্থাপনা উচ্ছেদের নির্দেশ কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।গতকাল বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করেন এবং অন্তর্বর্তীকালীন আদেশ দেন। আগামী তিন সপ্তাহের মধ্যে পরিবেশ সচিব, রাজউকের চেয়ারম্যান ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের রুলের জবাব দিতে বলা হয়েছে। নিকুঞ্জ আবাসিক এলাকার ওই লেক দখল ও মাটি ভরাট বন্ধের নির্দেশনা চেয়ে নিকুঞ্জ আবাসিক এলাকা কল্যাণ সমিতির পক্ষে গোলাম হায়দার রিট আবেদনটি করেন। আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ ও রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল শহিদুল ইসলাম মামলা পরিচালনা করেন।