নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দী লাশ উদ্ধার
রাজধানীতে নিখোঁজ হওয়ার ছয় দিন পর ফয়সাল মোল্লা ওরফে চঞ্চল (১৬) নামে একজন অটোরিকশাচালকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার সকালে ৪৪২/সি, খিলগাঁও চৌধুরীপাড়ায় নর্দমার পাশ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।পুলিশ কর্মকর্তাদের ধারণা, ফয়সালকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।ব্যাটারিচালিত অটোরিকশা চালক ফয়সাল মা-বাবাকে নিয়ে রাজধানীর ৩৩৩/৩/বি, রামপুরায় থাকত। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে।খিলগাঁও থানা পুলিশ জানায়, গতকাল সকালে নর্দমার পাশের একটি বস্তা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় লোকজন থানায় জানান। পুলিশ গিয়ে অর্ধগলিত বস্তাবন্দী লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।নিহতের পারিবারিক সূত্র জানায়, ফয়সাল ২৪ ডিসেম্বর সকালে বাসা থেকে প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বের হয়। এরপর আর ফেরেনি। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন জানান, মনে হচ্ছে ঘাতকেরা ২৪ ডিসেম্বর ফয়সালকে হত্যা করে লাশ অন্য কোথাও রেখেছিল। গতকাল ভোরে খিলগাঁও চৌধুরীপাড়ায় ফেলে গেছে। তিনি বলেন, হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে নিহতের বাবা মিলন মোল্লা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। ডোবা থেকে লাশ উদ্ধার: গত বুধবার মধ্যরাতে শাহ আলী থানা পুলিশ বেড়িবাঁধসংলগ্ন স্লুইস গেটের পাশের একটি ডোবা থেকে সাইফুল ইসলাম (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করে।পুলিশ সূত্র জানায়, সাইফুলের মাথায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তিনি ‘স্বপ্নচূড়া’ নামে ওই এলাকার একটি রেস্তোরাঁর কর্মচারী ছিলেন। থাকতেন একই এলাকার ৪৪ নবাবেরবাগে। নিহত সাইফুলের ভাই ফারুক হোসেনের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি অভিযোগ করেন, গত মঙ্গলবার স্বপ্নচূড়া রেস্তোরাঁর ব্যবস্থাপকসহ কয়েকজন কর্মচারীর সঙ্গে সাইফুলের কথা-কাটাকাটি হয়েছিল। এর জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে তিনি ধারণা করছেন। তবে শাহ আলী থানার ওসি আবদুল লতিফ বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা যাবে।নিহতের পারিবারিক সূত্র জানায়, গত মঙ্গলবার সাইফুল কর্মস্থলে গিয়ে আর বাসায় ফেরেননি। পর দিন বুধবার স্বপ্নচূড়া রেস্তোরাঁয় গেলে ব্যবস্থাপক জানান সাইফুল পানিতে ডুবে যেতে পারেন। এরপর দমকল বাহিনীর ডুবুরিদের খবর দিলে তাঁরা এসে ডোবার পানি থেকে সাইফুলের লাশ উদ্ধার করেন।