নিখোঁজ গৃহবধূর লাশ মিলল হাসপাতালে
রাজধানীর মতিঝিল এলাকা থেকে নিখোঁজ হওয়ার চার দিন পর গত শুক্রবার রাতে গৃহবূধ জেসমিন হাসান রিংকীর (২৭) লাশ পাওয়া গেছে জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে। জেসমিনের স্বজনদের দাবি, তাঁকে বাসা থেকে ডেকে নিয়ে তাঁর স্বামী মারধর করে হত্যা করেছেন।জেসমিনের পরিবারের অভিযোগ, ২০০১ সালে মুঠোফোন ব্যবসায়ী জাফরুল হাসানের সঙ্গে জেসমিনের প্রেম করে বিয়ে হয়। জাফরুল পাঁচ লাখ টাকা যৌতুকের জন্য নির্যাতন করায় জেসমিন মতিঝিলের সোনালী ব্যাংক কলোনির তাঁর ভগ্নিপতি জহিরুল ইসলামের বাসায় ওঠেন। তাঁদের পাঁচ বছরের সন্তান থাকত জাফরুলের কাছে। গত বুধবার সন্তান জয়কে জেসমিনের কাছে ফিরিয়ে দেওয়ার কথা বলে জাফরুল জেসমিনকে ব্যাংক কলোনির বাসা থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে জেসমিন নিখোঁজ ছিলেন। গত শুক্রবার পুলিশ ফোন করে জহিরুল ইসলামকে তাঁর শ্যালিকার মৃত্যুর কথা জানায়। স্বজনেরা হূদরোগ ইনস্টিটিউটে গিয়ে জেসমিনের লাশ শনাক্ত করেন। পরে শেরেবাংলা নগর থানা পুলিশ জেসমিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। মর্গ সূত্র জানায়, জেসমিনের গলায় ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে।শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন প্রথম আলোকে বলেন, শুক্রবার রাতে জেসমিনকে হূদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় তাঁকে আনা তিন যুবক দ্রুত পালিয়ে যায় বলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও কর্মচারীরা পুলিশকে জানিয়েছেন। পরে জেসমিনের মুঠোফোন থেকে তাঁর ভগ্নিপতিকে ফোন করে বিষয়টি জানানো হয়। ওসি জানান, ঘটনাটি রহস্যজনক। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।