পরিবহন-শ্রমিকদের নিরাপত্তা প্রদানের দাবি জানিয়েছেন সড়ক পরিবহনসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতারা। সাম্প্রতিক সময়ে একাধিক আলোচিত ঘটনায় নিখোঁজ কয়েকজন পরিবহনচালককে উদ্ধারের দাবিতে এবং বাসচালক বদর আলীর মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি করেন তাঁরা।গতকাল রোববার হরতালের দিন বিকেলে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ বিভিন্ন দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে। মিছিলে নেতৃত্বে দেন ঐক্য পরিষদের আহ্বায়ক খন্দকার এনায়েত উল্যাহ ও সদস্যসচিব ওসমান আলী। মিছিলটি ফুলবাড়িয়া বাস টার্মিনাল থেকে প্রেসক্লাব পর্যন্ত যায়।বিএনপির নেতা ইলিয়াস আলীর গাড়িচালক আনছার আলী ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তর বরখাস্তকৃত এপিএস ওমর ফারুকের গাড়িচালক আলী আজমকে খুঁজে বের করার দাবি জানান তাঁরা। এতে সায়েদাবাদ, ফুলবাড়িয়া ও মহাখালী বাসস্ট্যান্ডের পরিবহনমালিক ও শ্রমিকেরা অংশ নেন।মিছিল শেষে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা নিহত বাসচালক বদর আলী বেগের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার এবং তাঁর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুরের প্রতিবাদ ও ক্ষতিগ্রস্ত মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ওয়াজিউদ্দিন খান ও সাধারণ সম্পাদক ওসমান আলী গতকাল এক সংবাদ বিবৃতিতে ঈগল পরিবহনের বাসচালক বদর আলী বেগের অগ্নিদগ্ধ হওয়ার ঘটনার নিন্দা জানান। এতে বলা হয়, ভবিষ্যতে হরতালে গাড়ি ভাঙচুর ও হামলা হলে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।