নিখোঁজ সোমার জন্য মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নূরনাহার সোমা (১৮) বেঁচে আছেন, না মারা গেছেন? মারা গেলে তাঁর মৃতদেহটি কোথায় গেল?—এ ধরনের বিভিন্ন প্রশ্ন সোমার পরিবারের সদস্যদের মনে ঘুরপাক খাচ্ছে। গত ২৭ সেপ্টেম্বর সোমা নিখোঁজ হন। এর পর থেকে সোমার পরিবার তাঁর কোনো খোঁজই পাচ্ছে না।ঢাকা সিটি কলেজ থেকে উচ্চমাধ্যমিকে জিপিএ-৫ পাওয়া মেধাবী এ ছাত্রীর জন্য কাল বৃহস্পতিবার বেলা ১১টায় পরিবার, সহপাঠী, এলাকাবাসীসহ শুভাকাঙ্ক্ষীরা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেবেন।সোমার ভাই মো. হাসান প্রথম আলোকে জানান, গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চ জামাল-১ নৌকায় ধাক্কা দিলে তা ডুবে যায় এবং সোমা নিখোঁজ হন। এ ঘটনায় পরিবারের পাঁচজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ডুবুরিদের সহায়তায় তাঁদের পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়। কিন্তু সোমার কোনো খোঁজ মেলেনি। পরিবারের পক্ষ থেকে চাঁদপুর পর্যন্ত খোঁজা হয়েছে।হাসান বলেন, এ ঘটনায় এক বোনের মাথায় ১৯টি সেলাই দিতে হয়েছে, এখনো তার শরীরের বিভিন্ন জায়গায় অস্ত্রোপচার করতে হচ্ছে। মা সম্প্রতি হাসপাতাল ছেড়ে বাসায় গেছেন। অন্যদিকে সোমার কোনো খোঁজ না পেয়ে পুরো পরিবার উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।জানা গেছে, ঘটনার কয়েক দিন পর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে সোমার পরিবার। লঞ্চ কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দিতে চাইলেও তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে সোমার পরিবার।