নিখোঁজের ১৪ দিন পরও খোঁজ মেলেনি এক কিশোরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর ৭ নম্বর সেকশন থেকে নিখোঁজ হওয়ার ১৪ দিন পরও খোঁজ মেলেনি কিশোর রাব্বীর (১২)। ২ নভেম্বর দুপুরে মিরপুর ৭ নম্বর সেকশনের ৪ নম্বর সড়কে ভাড়া বাসা থেকে রাব্বী নামাজ পড়ার জন্য পাশের মসজিদে যাওয়ার কথা বলে বের হয়। এরপর সে আর ফিরে আসেনি। এ ব্যাপারে পল্লবী থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।রাব্বীর বাবা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, বিভিন্ন স্থানে তিনি সন্তানকে খুঁজে চলেছেন। একমাত্র সন্তানের সন্ধান না পেয়ে কেঁদে কেঁদে তাঁর স্ত্রী এখন শয্যাশায়ী। তাকে উদ্ধারে পুলিশের সহযোগিতা চেয়ে যাচ্ছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেনি। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, ‘অপেক্ষা করুন, ছেলে ফিরে আসবে।’কিশোরের বাবা বাদশা আলমের অভিযোগ, তাঁর ছেলেকে অপহরণ করা হয়েছে।জানতে চাইলে জিডি তদন্তের দায়িত্ব পাওয়া পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আবছার প্রথম আলোকে বলেন, ঘটনাটি তাঁর মনে পড়ছে না। তিনি খোঁজ নিয়ে পরে জানাতে পারবেন।নিখোঁজ হওয়ার সময় রাব্বীর পরনে জিনসের প্যান্ট ও হাফশার্ট ছিল। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক পাঁচ ফুট। কিশোরের সন্ধান পেলে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) রাব্বীর বাবার সঙ্গে অথবা পল্লবী থানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।