নিচ দিয়ে নর্দমা তৈরি করায় বাড়ি ভেঙে পড়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতিরঝিল প্রকল্পের কারণে প্রয়াত সাংবাদিক ও শিক্ষক আবদুশ শহীদের বাড়িটি ভেঙে পড়ার আশঙ্কায় রয়েছে। গতকাল বুধবার ওই বাড়ির নিচ দিয়ে নর্দমা তৈরি করে হাতিরঝিলে পানি ফেলার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। পরিবারের আশঙ্কা, ওই পানির স্রোতের ফলে যেকোনো সময় ওই বাড়িটি ভেঙে পড়তে পারে।আবদুশ শহীদের মেয়ে শামীম আরা প্রথম আলোকে বলেন, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানসহ সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির আশ্বাস সত্ত্বেও বাড়িটি রক্ষা করা যাচ্ছে না। ২০০৭ সালের মে মাসে বাড়িটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হলে মামলা দায়ের করে আবদুশ শহীদের পরিবার। আদালত বাড়িটি অধিগ্রহণের ব্যাপারে স্থগিতাদেশ দেন।বাড়ি ভাঙার নির্দেশ বন্ধের দাবিতে আবদুশ শহীদের স্ত্রী রাজিয়া শহীদ গত বছর জাতীয় প্রেসক্লাবে অনশনও করেন।গতকাল ওই বাড়িতে গিয়ে দেখা যায়, এলাকার সব দূষিত পানির স্রোত এখন ওই বাড়ির নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়ির দুই পাশে বালু থাকায় পানির স্রোতে বালু নিচের দিকে দেবে যাচ্ছে। রাজিয়া শহীদ অভিযোগ করেন, আশপাশে জায়গা থাকা সত্ত্বেও এ বাড়ির নিচ দিয়েই নর্দমার পানি প্রবাহের ব্যবস্থা করা হয়েছে।এ ব্যাপারে হাতিরঝিল প্রকল্পের পরিচালক লে. কর্নেল আবু সাঈদ প্রথম আলোকে বলেন, ‘কারও ক্ষতি করার ইচ্ছে আমাদের নেই। ব্যাপারটি আমরা দেখছি। অবশ্যই আমরা একটা ব্যবস্থা করব।’