নিচের পদে চাকরি করছেন চার শতাধিক শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা ক্যাডারে প্রভাষক থেকে শুরু করে অধ্যাপক পর্যন্ত পর্যাপ্ত পদ থাকার পরও চার শতাধিক কর্মকর্তা ইনসিটো (পদোন্নতি পাওয়ার পরও আগের পদে থাকা) হিসেবে থেকে এক স্তর নিচের পদে চাকরি করছেন। শিক্ষকেরা অভিযোগ করে বলেছেন, ভালো কলেজ ও ভালো জায়গায় থাকার জন্যই তাঁরা ‘ইনসিটো’ হয়ে আছেন।এঁদের বেশির ভাগই গত বছর পদোন্নতি পেয়েছিলেন। এরই মধ্যে শিক্ষা ক্যাডারে আবার বড় ধরনের পদোন্নতির উদ্যোগ নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। চলতি মাসেই এই পদোন্নতি হতে পারে।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কলেজ শাখার সূত্র জানিয়েছে, শিক্ষা ক্যাডারে অনুমোদিত পদ আছে ১৪ হাজার ৬২৬টি। এর মধ্যে ১১ হাজার ৩৭৮টি পদে কর্মরত আছেন শিক্ষকেরা। বাকি তিন হাজার ২৪৮টি পদ শূন্য। এর মধ্যে অধ্যাপকের ১১২টি, সহযোগী অধ্যাপকের ৮৩৩টি, সহকারী অধ্যাপকের ৩১০টি এবং প্রভাষকের এক হাজার ৯০২টি পদ শূন্য। এ ছাড়া শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ৯১টি পদ শূন্য আছে। এত পদ ফাঁকা থাকা সত্ত্বেও পদোন্নতি পাওয়া ৪২০ জন শিক্ষক ইনসিটো হয়ে নিচের পদে চাকরি করছেন। তবে গত মাসের শেষে পাওয়া এই তথ্য এখন সামান্য কম-বেশি হতে পারে। ইনসিটো কর্মকর্তাদের মধ্যে ২২৭ জন সহকারী অধ্যাপক প্রভাষক পদে, ১৪২ জন সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক পদে এবং ৫১ জন অধ্যাপক সহযোগী অধ্যাপক পদের বিপরীতে চাকরি করছেন।মাউশির সূত্রগুলো বলছে, ইনসিটো হওয়া বেশির ভাগ কর্মকর্তা শহরাঞ্চলের ভালো কলেজে চাকরি করছেন। অনেকে নানাভাবে তদবির করেও পদোন্নতি পাওয়ার পর আগের জায়গায় থাকার ব্যবস্থা করেছেন বলে অভিযোগ করেছেন শিক্ষকেরা। অথচ গ্রামাঞ্চলের অনেক কলেজে পর্যাপ্ত শিক্ষকই নেই।মাউশির একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ২০০৮ সালে শিক্ষা ক্যাডারে এই ‘ইনসিটো’ প্রথা চালু হয়। তখন পদোন্নতি নিয়ে মামলা হলে পদোন্নতি প্রক্রিয়ার ওপর আদালত স্থগিতাদেশ দিতে পারেন এই আশঙ্কায় যে, যেখানে আছেন সেই পদে রেখেই দ্রুত পদোন্নতি দেওয়া হয়। এখন এটা বন্ধ হওয়া উচিত।জানতে চাইলে মাউশির মহাপরিচালক ও বিসিএস শিক্ষা সমিতির সভাপতি ফাহিমা খাতুন প্রথম আলোকে বলেন, সবাই যে নিজের ইচ্ছায় ইনসিটো হয়ে এক ধাপ নিচের পদে চাকরি করছেন, তা নয়। প্রয়োজনের কারণেও অনেককে আগের পদে রাখা হচ্ছে। তবে আসন্ন পদোন্নতির সময় এসব বিষয় পর্যালোচনা করা হবে।শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে, এবার সহকারী অধ্যাপক থেকে শুরু করে অধ্যাপক পদে প্রায় দেড় হাজার শিক্ষকের পদোন্নতির উদ্যোগ নেওয়া হয়েছে। এই পদোন্নতির জন্য বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) কয়েকটি সভাও হয়েছে। সভায় পদোন্নতি পাওয়ার মতো যোগ্যদের তালিকা করা হচ্ছে। এবার ২৬তম বিসিএসের মাধ্যমে নিয়োগ পাওয়া প্রভাষকদের মধ্যে থেকেও সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হবে।এই পদোন্নতি নিয়ে ব্যাপক তদবির শুরু হয়েছে। অনেকেই এখন থেকেই শিক্ষা মন্ত্রণালয় ও মাউশিতে তদবির শুরু করেছেন, যেন তাদের পদোন্নতি হয় এবং ভালো জায়গায় পদায়ন হয়। আরেক পক্ষ প্রথম আলোর কাছে অভিযোগ করেন, গত বছরের এপ্রিলে পদোন্নতির সময় পদোন্নতির পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া কিছু শিক্ষককেও (যাঁরা ১৫ বছর পূর্তির সুযোগে প্রথমে সহকারী এবং পরে সহযোগী অধ্যাপক হয়েছিলেন) গোঁজামিল দিয়ে বিসিএস (পদোন্নতির জন্য পরীক্ষা) বিধিমালা ১৯৮৬ লঙ্ঘন করে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়। এবারও একই ধরনের প্রক্রিয়া চলছে।এদিকে বর্তমানে বিভিন্ন কারণে ৪৬০ জন শিক্ষক বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বিভিন্ন কলেজ ও দপ্তরে সংযুক্ত হয়ে আছেন। এর মধ্যে প্রভাষক ৫৯ জন, সহকারী অধ্যাপক ১৫১ জন, সহযোগী অধ্যাপক ২১৯ জন এবং অধ্যাপক ৩১ জন। এর মধ্যে কেউ কেউ শিক্ষা ছুটি, কেউ অবসরজনিত এবং কেউ কেউ ঢাকায় থাকার জন্য সংযুক্তি হয়ে আছেন।