নিজ খরচে সংবাদপত্র বিক্রয়কেন্দ্র পুনর্নির্মাণ করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
ঢাকা সিটি করপোরেশনের সৌন্দর্য বৃদ্ধি ও রাস্তা সম্প্রসারণ প্রকল্পের আওতায় রাজধানীর বিভিন্ন স্থানে ভেঙে ফেলা সংবাদপত্র বিক্রয়কেন্দ্র নিজেদের খরচে পুনর্নির্মাণ করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন হকাররা। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এই আবেদন জানিয়েছে।
সমিতির সভাপতি মোস্তফা কামালের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট এইচ এম এরশাদের আমলে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে ঢাকার জনগুরুত্বপূর্ণ স্থানে ২০০টি সংবাদপত্র বিক্রয়কেন্দ্র নির্মাণের আবেদন জানানো হয়েছিল সমিতির পক্ষ থেকে। এর পরিপ্রেক্ষিতে তৎকালীন মেয়র ও সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীর নির্দেশে বিভিন্ন স্থানে শতাধিক বিক্রয়কেন্দ্র বানানো হয়েছিল। সিটি করপোরেশনে সম্পূর্ণ সালামির টাকা দিয়ে তাঁরা এসব বিক্রয়কেন্দ্র গ্রহণ করেন। এরপর থেকে তাঁরা নিয়মিত ভাড়া পরিশোধ করে আসছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু বিক্রয়কেন্দ্র সিটি করপোরেশনের সৌন্দর্য বৃদ্ধি ও রাস্তা সম্প্রসারণ প্রকল্পের আওতায় ভেঙে ফেলা হয়েছে। আর কিছু সংবাদপত্র বিক্রয়কেন্দ্র ঢাকা সিটি করপোরেশনের অসাধু ব্যক্তিদের স্বেচ্ছাচারিতায় ভেঙে ফেলা হয়েছে। এ কারণে সমিতির বিপুল পরিমাণ সদস্য বেকার হয়ে পড়েছেন এবং পরিবার–পরিজন নিয়ে মানবেতর অবস্থায় দিন যাপন করছেন।