নিজ দায়িত্ব পালনে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব: পিএসসির চেয়ারম্যান
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেছেন, ‘সব স্তরে বাঙালির ওপরে পাকিস্তানিদের বৈষম্য থেকে মুক্তি দিয়েছেন আমাদের স্বাধীনতার মহানায়ক সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা প্রত্যেকেই যদি নিজ নিজ দায়িত্ব সততার সঙ্গে পালন করি এবং বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করি, তবেই তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার মধ্য দিয়েই তাঁকে প্রকৃত সম্মান প্রদর্শন করা হবে।’
গত রোববার পিএসসি সচিবালয়ের ৭১ মিলনায়তনে মহান বিজয় দিবস-২০২১ উদ্যাপন উপলক্ষে এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. সোহরাব হোসাইন এসব কথা বলেন। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন বিষয়ে আলোচনা সভার আয়োজন করেছিল পিএসসি।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব মোছা. আছিয়া খাতুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই মহান মুক্তিযুদ্ধের শহীদদের উদ্দেশে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক নির্মিত সরকারি কর্মচারীদের উদ্দেশে বঙ্গবন্ধুকে ‘যেন মানুষ ভালোবাসে’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভায় সদস্যরা অংশ নেন। বিজ্ঞপ্তি