নিজ দেশেই আটকে থাকা বিশ্বভ্রমণকারীকে সম্মাননা
গাড়ি নিয়ে সড়কপথে বিশ্বভ্রমণে বেরিয়ে নিজ দেশেই আইনি জটিলতায় আটকে আছেন কানাডাপ্রবাসী আবদুস সাত্তার। শুল্কসংক্রান্ত জটিলতায় গত দেড় বছর থমকে রয়েছে তাঁর বিশ্বভ্রমণ। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এই আবদুস সাত্তারকে সম্মাননা জানানো হয়। সেখানে তিনি তাঁর সমস্যার কথা আবারও তুলে ধরেন। ইতিমধ্যে ২২টি দেশ পাড়ি দিয়েছেন আবদুস সাত্তার। কোথাও এমন জটিলতায় পড়েননি উল্লেখ করে তিনি বলেন, ‘আমি বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি বিশ্বের কাছে তুলে ধরার অভিপ্রায়ে বিশ্বভ্রমণে বেরিয়েছিলাম। এখন নিজ দেশের আমলাতান্ত্রিকতায় আটকে সব আশা শেষ হতে বসেছে।’বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি, ট্যুরিস্ট সোসাইটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ এ সম্মাননার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী। আবদুস সাত্তারের করুণ কাহিনি শুনে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের। তিনি বলেন, ‘আবদুস সাত্তারের বিষয়টি নিয়ে আমি নিজেই চেষ্টা করেছি। এনবিআর এক কোটি টাকা সমপরিমাণে ব্যাংক গ্যারান্টি অথবা জামিনদার চায়। এটা বাংলাদেশের আইন। কিন্তু বাংলাদেশে অবিশ্বাসের সংস্কৃতি গড়ে উঠেছে। তাই কেউ আবদুস সাত্তারের বিষয়ে এগিয়ে আসতে সাহস পাচ্ছেন না।’ কবি আসাদ চৌধুরী অভিযোগ করেন, ‘যে দেশে এমপিরা বিদেশি গাড়ি আমদানিতে এক কোটি টাকার শুল্ক মাফ পায়, সে দেশের ভাবমূর্তি উজ্জ্বলে রত বিশ্বভ্রমণে বের হওয়া আবদুস সাত্তারের গাড়ি কোটি টাকার দাবিতে বন্দরে নষ্ট হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনায় প্রজ্বলিত সরকারের কাছে একজন মুক্তিযোদ্ধা সাত্তার কোনো ধরনের সাহায্য পাচ্ছেন না।’ সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান এম শরিফুল ইসলাম, এ কে এম বারী প্রমুখ।