নিজস্ব ক্যাম্পাসের দাবিতে প্রাইম এশিয়ায় ভাঙচুর
নিজস্ব ক্যাম্পাস দাবিতে গতকাল শনিবার বনানী ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় কয়েকটি গাড়ি ও বিশ্ববিদ্যালয়ের আসবাব ভাঙচুর করেন তাঁরা। গুলশান থানা পুলিশ জানায়, এ সময় দুজন শিক্ষার্থীকে আটক করা হলেও তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা জানান, গত বুধবার আন্দোলনের সময় কর্তৃপক্ষ জানিয়েছিল নিজস্ব ক্যাম্পাসের বিষয়ে নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হবে। কিন্তু গতকাল কর্তৃপক্ষ এক মাস সময় চায়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গিয়াসউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে জমি কেনা হবে।’ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে প্রতিবাদ: নিজস্ব ক্যাম্পাসের দাবিতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা গতকাল ধানমন্ডি ক্যাম্পাসের সামনে মানববন্ধন করেন। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, শিক্ষার্থীরা রাস্তায় নেমে প্রতিবাদ করলেও আলোচনা সাপেক্ষে সুরাহা হয়।উপাচার্য আবদুল মান্নান চৌধুরী বলেন, ‘জমি কেনা আছে, নির্দিষ্ট সময়ে সেখানে যাওয়া হবে।’