জরুরি ভিত্তিতে নিজস্ব ক্যাম্পাস করার দাবিতে গতকাল বুধবার বনানী ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁরা বলেছেন, শিগগির নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার ব্যবস্থা না করলে কর্তৃপক্ষের বিরুদ্ধে তাঁরা কঠোর আন্দোলন করবেন। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ বৃহস্পতিবার ক্লাস বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আন্দোলনকারীদের মধ্যে দুজন ছাত্র গতকাল প্রথম আলোকে জানান, বেলা ১১টার দিকে বনানী ক্যাম্পাসে শিক্ষার্থী জড়ো হয়। পরে তাঁরা বিক্ষোভ করেন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও তাঁদের দাবির কথা জানান। পরে কর্তৃপক্ষ নিজস্ব ক্যাম্পাসের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়ার কথা বলেন। একই সঙ্গে এ মাসের মধ্যেই নিজস্ব ক্যাম্পাসের জন্য জমি কেনার আশ্বাস দিলে শিক্ষার্থীরা শান্ত হন।আন্দোলনকারীদের একজন জানান, আজ ক্লাস বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তাই শনিবার ক্যাম্পাসের নোটিশ বোর্ডে গিয়ে যদি নিজস্ব ক্যাম্পাসের বিষয়ে কিছু না পাওয়া যায়, তাহলে আবারও আন্দোলন শুরু হবে।জানতে চাইলে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা বলেন, রাজধানীর জোয়ারসাহারায় জমি কেনার বিষয়টি শিক্ষার্থীদের জানানো হয়েছে। তাঁদের বলা হয়েছে, কয়েক দিনের মধ্যে জমি নিবন্ধন করা হবে।গত মঙ্গলবার ‘নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার উদ্যোগ নেই আটটি বিশ্ববিদ্যালয়ের’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই আটটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির নামও রয়েছে।