নিজস্ব তত্ত্বাবধানে ক্যানটিন চালু করতে পারেনি প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্যানটিন প্রায় ছয় মাস আগে নিজস্ব তত্ত্বাবধানে পরিচালনার ঘোষণা দিয়েছিল প্রশাসন। কিন্তু এত দিন পরও তা বাস্তবায়িত হয়নি।শিক্ষার্থীদের অভিযোগ, ক্যানটিনে খাবারের পদ অনেক কমে গেছে। আগের চেয়ে কমেছে মানও।অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা ফাউ খাওয়ায় ক্যানটিন পরিচালনা করতে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।গত বছরের ৫ সেপ্টেম্বর ‘ক্যানটিনে চড়া দামে নিম্নমানের খাবার খেতে হচ্ছে শিক্ষার্থীদের’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়। এরপর ক্যানটিনে খাবারের দাম কমানোর দাবিতে লাগাতার আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরে ১৬ সেপ্টেম্বর শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে নিজস্ব তত্ত্বাবধানে ক্যানটিন পরিচালনার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু ছয় মাস পার হলেও তা বাস্তবায়িত হয়নি।সম্প্রতি ক্যানটিনে গিয়ে দেখা যায়, ক্যানটিন পরিচালক আলতাব হোসেন খাবারের মূল্যতালিকা নিয়ে বসে আছেন। এতে লেখা ডিম-খিচুড়ি ৩০ টাকা, শুধু খিচুড়ি ২০ টাকা। আর নাশতা হিসেবে রয়েছে রুটি, চা ও শিঙাড়া। এ ছাড়া ক্যানটিনে আর কিছুই নেই।বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, ‘নিজস্ব তত্ত্বাবধানে ক্যানটিন পরিচালনার ঘোষণা দেওয়ার ছয় মাস পরও তা বাস্তবায়ন করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে?’গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফাতেমা আক্তার বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যানটিনে আগে অনেক পদের খাবার পাওয়া যেত। কিন্তু কয়েক মাস ধরে ডিম-খিচুড়ি ছাড়া আর কিছুই পাওয়া যায় না। তা ছাড়া ক্যানটিনে খাবারের পরিবেশ ও মান আগের চেয়ে অনেক খারাপ হচ্ছে।সূত্র জানায়, গত বছরের ১৮ সেপ্টেম্বর নিজস্ব তত্ত্বাবধানে ক্যানটিন পরিচালনার কাজ শুরু করেছিল প্রশাসন। এর দুই দিন পর ছাত্রলীগের প্রায় ১৫০ জন নেতা-কর্মী ক্যানটিনে ফ্রি খেতে চান। কিন্তু ক্যানটিন পরিচালক ও ইংরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দিন আহমেদ বাধা দেন। তখন ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যানটিনের দরজা-জানালা ভাঙচুর করেন। এরপর ক্যানটিনটি প্রায় ১০ দিন বন্ধ রাখে প্রশাসন। পরে গত বছরের অক্টোবরের শুরুতে প্রশাসন থেকে অনুমতি নিয়ে আলতাব হোসেন আবার ক্যানটিনটি চালু করেন। এর আগেও প্রায় দেড় বছর ক্যানটিন পরিচালনা করেন তিনি।নাম প্রকাশে অনিচ্ছুক ক্যানটিনের এক কর্মচারী বলেন, ‘প্রতি মাসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাদের ও প্রশাসনের কয়েকজন কর্মকর্তাকে চাঁদা দেন ক্যানটিন পরিচালক। তা ছাড়া ছাত্রলীগের নেতা-কর্মী এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও ক্যানটিনে ফাউ খান।যোগাযোগ করা হলে ক্যানটিন পরিচালক আলতাব হোসেন চাঁদা দেওয়ার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন খাবারে ভর্তুকি না দিলে দাম কমানো সম্ভব নয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ছাত্রলীগের নামে কেউ ফাউ খেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ঘোষণা দিয়েও ক্যানটিন পরিচালনা করতে না পারার বিষয়ে শিক্ষক নাসির উদ্দিন আহমেদ বলেন, বর্তমানে তিনি ক্যানটিন পরিচালনার দায়িত্বে নেই। এর বেশি কিছু বলতে তিনি রাজি হননি।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের পর এ বিষয়ে আবার সিদ্ধান্ত নেওয়া হবে।