মর্গে এসে ছেলেকে পেলেন বাবা
নিখোঁজ হওয়ার নয় দিন পর ছেলে মোহাম্মাদ আলী ইমাম নামে এক যুবকের লাশের সন্ধান পেলেন বাবা মো. হায়দার। ছেলের সন্ধানে গত ১৭ সেপ্টেম্বর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ মর্গে গত ১০ সেপ্টেম্বর আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাতপরিচয়ের লাশ নিয়ে আসে গুলশান থানা-পুলিশ। লাশটি গুলশান লেকের পাড়ে পড়েছিল। লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। এরপর নয় দিন লাশটি মর্গে পড়ে ছিল।
শনিবার সন্ধ্যায় লাশটি নিয়ে যান মো. হায়দার। লাশ বুঝে নেওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি অনার্স করেছিল তাঁর একমাত্র ছেলে ইমাম। গত ৯ সেপ্টেম্বর রাতে মগবাজার নয়াটোলার বাসা থেকে বের হওয়ার পর সে আর বাসায় ফেরেনি। এরপর ছেলের খোঁজে পুরো রাজধানী চষে বেড়িয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোজাম্মেল হক জানান, সম্ভবত ওই যুবক কোনো কিছুর আঘাতে মারা গেছেন।