নিজস্ব সংস্কৃতির শিকড় আঁকড়ে রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সময়ের সঙ্গে সামাজিক সংস্কৃতির পরিবর্তন হলেও শিকড় ভুলে গিয়ে আধুনিকতার নামে অপসংস্কৃতিতে গা ভাসানো উচিত নয়। আধুনিক প্রযুক্তির অগ্রযাত্রার সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। পাশাপাশি আমাদের নিজস্ব সংস্কৃতির শিকড়ও আঁকড়ে রাখতে হবে।’ গতকাল শনিবার কলেজ পর্যায়ে চূড়ান্ত বিতর্কে এসব কথা বলে বিতার্কিকেরা।গতকাল শনিবার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মিলনায়তনে তিন দিনব্যাপী প্রথম আলো-আরডিএস তৃতীয় জাতীয় বিতর্ক উৎসবের ছিল শেষ দিন। রেমিয়েন্স ডিবেটিং সোসাইটি আয়োজিত তিন দিনব্যাপী বিতর্ক উৎসবে স্কুল ও কলেজ পর্যায়ে ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৬২টি দল অংশ নেয়।গতকাল বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, যুক্তিবাদী তরুণ প্রজন্মই পারে দেশকে সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে। বিতর্কচর্চার মাধ্যমে তরুণদের চিন্তার ক্ষেত্র প্রসারিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ কর্নেল মো. মোসলেহ উদ্দিন ভূঁঞা। তিনি এই বিতর্ক উৎসবে সহযোগী সব প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান। প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, পত্রিকা প্রকাশের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে তরুণদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করছে প্রথম আলো।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিতর্ক উৎসবের আহ্বায়ক ফেরদৌস আরা বেগম, উপাধ্যক্ষ সুলতান উদ্দিন আহমেদ। কলেজ পর্যায়ে বিতর্কে চাম্পিয়ন হয়েছে সরকারি বিজ্ঞান কলেজ। বিজিত হয়েছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ। স্কুল পর্যায়ে বিতর্কে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ চ্যাম্পিয়ন এবং নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল রানারআপ হয়েছে। কলেজ ও স্কুল পর্যায়ে বারোয়ারি বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী কিশওয়ারা সাদিয়া সারা এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী সাফওয়াত মুনতাসির। শনিবার বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার হস্তান্তরের মধ্য দিয়ে বিতর্ক উৎসব শেষ হয়।উৎসবের প্রচার সহযোগী ছিল এবিসি রেডিও ও মাছরাঙা টেলিভিশন। অনলাইন সহযোগিতায় প্রথম আলো ডটকম এবং সার্বিক সহযোগিতায় ছিল ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ও প্রথম আলো।