বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, শুধু বই পড়লেই হবে না, নিজের ভেতরের আলো দিয়ে অন্যকে আলোকিত করতে পারলেই আলোকিত মানুষ হওয়া সম্ভব। সবদিক থেকে সুন্দর, আলোকিত ও জ্যোতির্ময়ী হয়ে নিজ মাতৃভূমিকে সর্বশ্রেষ্ঠ দেশে পরিণত করতে হবে।গতকাল শনিবার রমনার বটমূলে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি-২০০৯-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে খুদে পড়ুয়াদের উদ্দেশে আবদুল্লাহ আবু সায়ীদ এ কথা বলেন। বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত গতকালের সমাপনী অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের উপদেষ্টা কে এম হাবিবুল্লাহসহ অন্যান্য অতিথি ঢাকার ২৬টি বিদ্যালয়ের এক হাজার ৮০৮ জন ছাত্রছাত্রীর হাতে পুরস্কার তুলে দেন । শিক্ষার্থীরা স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন এবং সবচেয়ে বড় পুরস্কার বিশ্বসাহিত্য কেন্দ্র—এই চারটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। বিশ্বসাহিত্য কেন্দ্র পুরস্কারপ্রাপ্তদের মধ্যে লটারির মাধ্যমে ছয়জন ভারতে যাওয়ারও সুযোগ পায়। দুই দিনব্যাপী অনুষ্ঠানে ঢাকা মহানগরের ৭৫টি স্কুলের পাঁচ হাজার ৩৬২ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।অনুষ্ঠানের বড় অতিথিরা খুদে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমরা আলোকিত মানুষ হওয়ার সুযোগ পাইনি। তোমরা এ সুযোগ পেয়েছ। তোমাদের চোখে অনেক আলো। তাই আমরা যা করতে পারিনি, সেই কাজই তোমাদের করতে হবে।’শুভেচ্ছা বক্তব্যে বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সত্যিকার মানুষ হওয়ার পথে বড় বাধা বই না পড়া। তবে বই পড়ে শুধু পুরস্কার পেলেই হবে না, বইয়ের জ্ঞান জীবনের কাজে লাগানোরও আহ্বান জানান তিনি। ডেলটা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ মোয়াজ্জেম হোসাইন বলেন, খুদে পড়ুয়াদের মধ্য থেকেই বহু মানুষ গড়ার কারিগর তৈরি হবে।বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন রমনার বটমূলে বিভিন্ন স্কুলের প্রায় দুই হাজার শিক্ষার্থীকে এই প্রজন্মের মুক্তিযোদ্ধা হিসেবে আখ্যায়িত করেন। এ সময় শিক্ষার্থীরা তুমুল করতালি দেয়। প্রকৌশলী মো. আবদুল আউয়াল বলেন, ‘সবার আগে আলোকিত ও ভালো মানুষ হতে হবে, তারপর ডাক্তার, ব্যারিস্টার যা খুশি হবে।’আবদুল্লাহ আবু সায়ীদকে হ্যামিলনের বাঁশিওয়ালা আখ্যায়িত করে নাট্যব্যক্তিত্ব আলী ইমাম বলেন, এই মানুষটি ৩০ বছর ধরে মানুষের মনের ভেতরে আলো জ্বালানোর কাজটি করে যাচ্ছেন। তরুণ প্রজন্মকে এই দায়িত্ব নিয়ে চারপাশের অন্ধকার দূর করতে হবে।টিভি ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার বলেন, রমনা বটমূলে খুদে আলোকিত মানুষদের উপস্থিতির ফলে মাঠের চেহারাটাই পাল্টে গেছে। তিনি বলেন, সেরা কিছু করতে চাইলে ২৫ বছরই যথেষ্ট। তাই খুদে শিক্ষার্থীরা আজ থেকে একটি বড় স্বপ্ন দেখলে ২৫ বছর পরে দেশের চেহারাই পাল্টে যাবে। ফারিয়া ইয়াসমীন তেজগাঁও গার্লস হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী। তার মা সাবিহা ইয়াসমীন গর্বের সঙ্গে জানালেন, ‘মেয়ে আগেরবারও পুরস্কার পেয়েছে, এবারও পুরস্কার পেয়েছে।’ বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশভিত্তিক উত্কর্ষ কার্যক্রমের সহকারী ব্যবস্থাপক উজ্জ্বল হোসেন প্রথম আলোকে বলেন, বছরে ১৫ টাকা দিয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যেকোনো শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। ১৬ সপ্তাহের কর্মসূচিতে দশম শ্রেণীর জন্য ১২টি বই আর অন্যান্য শ্রেণীর জন্য ১৬টি বই বরাদ্দ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেছে প্রথম আলো। ডেলটা লাইফ ইনস্যুরেন্সের পক্ষ থেকে পুরস্কার হিসেবে বই দেওয়া হয়। দুই দিনব্যাপী উত্সবের স্পনসর ছিল গ্রামীণফোন। বিজয়ী সদস্যদের ম্যাগী নুডলস এবং অতিথি, অভিভাবকদের নেসক্যাফে খাইয়ে আপ্যায়ন করেছে নেসেল বাংলাদেশ লিমিটেড।