নিজেদের দলের সাবেক নেতাকে পেটাল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ছাত্রদল করার অজুহাতে নিজেদের দলেরই এক সাবেক নেতাকে পিটিয়ে রক্তাক্ত করেছেন ছাত্রলীগের কর্মীরা। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এই ঘটনা ঘটে। ছাত্রলীগের নেতারা বলছেন, ওই নেতা অসংলগ্ন অবস্থায় ছিলেন।
একাধিক প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে বলেন, দুপুরের দিকে মধুর ক্যানটিনে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোতাহার হোসেন তাঁর অনুসারীদের নিয়ে বসে ছিলেন। এ সময় ছাত্রলীগের সাবেক নেতা সোহাগ মাহমুদ ওই টেবিলে বসেন। এর কিছুক্ষণ পরই তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। মোতাহার তাঁকে সেখান থেকে উঠে যেতে বলেন।
মোতাহার হোসেনের অনুসারীরা সোহাগকে টেনেহিঁচড়ে মারতে মারতে মধুর ক্যানটিন থেকে বের করে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন পর্যন্ত নিয়ে যান। এ সময় তাঁরা ছাত্রদলের কর্মীকে পেটাচ্ছেন বলে চিৎকার করে উল্লাস করেন। পরে রক্তাক্ত সোহাগকে প্রক্টরের কার্যালয়ে নিয়ে আসা হয়।
জানতে চাইলে মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, ‘উনি অনেক আগের কমিটির নেতা ছিলেন। আমরা চিনতাম না। তিনি টেবিলে বসেই আমাকে জিজ্ঞেস করছেন, ‘‘তোর নাম কী? তোরে কে নেতা বানাইছে?’’ এসব শুনে জুনিয়র কর্মীরা তাঁকে মারধর করে ক্যানটিনের বাইরে বের করে দিয়েছে। পরে আমিই গিয়ে তাঁকে উদ্ধার করে প্রক্টরের হাতে তুলে দিয়েছি।’ মোতাহার হোসেনের দাবি, ওই নেতা অসংলগ্ন অবস্থায় ছিলেন।
সোহাগ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২০০৬-২০১১ সালের কমিটির ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন। ওই কমিটির একাধিক নেতা প্রথম আলোকে নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার পর ছাত্রলীগের সঙ্গে তাঁর আর কোনো সম্পর্ক ছিল না। তবে তিনি প্রায়ই মধুর ক্যানটিনে যেতেন। টেবিলে চুপচাপ বসে থেকে চলে যেতেন। তাঁকে মারধর করার ঘটনা অমানবিক।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী প্রথম আলোকে বলেন, সোহাগকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।