নিজেদের মেধা দিয়ে দেশ সেবার আহ্বান রাষ্ট্রপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল নর্থ সাউথ ইউনিভার্সিটির ১৯তম সমাবর্তন অনুষ্ঠানে স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পদক প্রদান করেন l ছবি: ফোকাস বাংলা
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল নর্থ সাউথ ইউনিভার্সিটির ১৯তম সমাবর্তন অনুষ্ঠানে স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পদক প্রদান করেন l ছবি: ফোকাস বাংলা

দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হলো গতকাল বৃহস্পতিবার। এর মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সমাবর্তনে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। অপরদিকে গ্রিন ইউনিভার্সিটির সমাবর্তনে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। খবর বাসসের।
রাষ্ট্রপতি আবদুল হামিদ এনএসইউর ১৯তম সমাবর্তন উপলক্ষে রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে নিজেদের জ্ঞান, মেধা ও দক্ষতা দিয়ে বিদেশে বাংলাদেশকে তুলে ধরতে নতুন গ্র্যাজুয়েটদের প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, ‘তোমরা একুশ শতকের গ্র্যাজুয়েট। তোমাদের জ্ঞান ও মেধা দিয়ে মাতৃভূমির সেবা করতে হবে। সমাবর্তন হলো সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের একটি অংশ। এর মাধ্যমে মেধাবী ছাত্রছাত্রীদের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়।’ তিনি বলেন, ‘আমি আশা করি, এই সমাবর্তনে উপস্থিত গ্র্যাজুয়েট ও গবেষকেরা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা ও সাংস্কৃতিকসহ সব ক্ষেত্রে নেতৃত্ব দিতে সক্ষম হবে।’
উচ্চশিক্ষায় এনএসইউর অগ্রযাত্রার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এনএসইউ যে গবেষণা ও শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তা খুবই প্রশংসনীয়।
আবদুল হামিদ বলেন, ‘দেশের অগ্রগতি ও উন্নয়নের স্বার্থে এ ধরনের কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষকে আমি পরামর্শ দিচ্ছি।’
সমাবর্তনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান, এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম এ কাশেম ও এনএসইউর ভারপ্রাপ্ত উপাচার্য গৌর গোবিন্দ গোস্বামী।
সমাবর্তনে নয়জনকে স্বর্ণপদক এবং ২ হাজার ১৩০ শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়।
এদিকে, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের দ্বিতীয় সমাবর্তন গতকাল রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দেশের উন্নয়নে জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ পর্যাপ্তসংখ্যক নাগরিক গড়তে নিষ্ঠার সঙ্গে কাজ করতে উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান। মন্ত্রী বলেন, ‘দারিদ্র্য দূরীকরণ এখনো আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে শিক্ষার কোনো বিকল্প নেই।’
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান। বক্তব্য দেন ইউনিভার্সিটির উপাচার্য মো. গোলাম সামদানী ফকির, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল্লাহ্ আল মামুন।
সমাবর্তনে বিভিন্ন বিভাগ থেকে কোর্স সম্পন্নকারী ১ হাজার ৫৩৬ জন শিক্ষার্থীকে সনদ এবং ১১ জনের হাতে স্বর্ণপদক তুলে দেন শিক্ষামন্ত্রী।