দেশে দুই কোটিরও বেশি মানুষ কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত। বছরে প্রায় ৪০ হাজার রোগী দীর্ঘস্থায়ী কিডনি বিকলতায় মারা যায়। এ রোগ প্রতিরোধে তাই প্রত্যেককে নিজের কিডনি বিষয়ে সচেতন হতে হবে। গতকাল রোববার কিডনি ফাউন্ডেশনের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী ও কিডনিবিষয়ক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে আলোচকেরা এ কথা বলেন। ফাউন্ডেশনের মিরপুর কার্যালয়ে এই অনুষ্ঠান হয়। একাধিক বিশেষজ্ঞ বলেন, প্রথম দিকে এ রোগের উপসর্গ সহজে বোঝা যায় না। যখন উপসর্গ ধরা পড়ে তখন কিডনির প্রায় ৭৫ শতাংশ বিকল হয়ে পড়ে। তাই কিডনি কী এবং কেন কিডনি রোগ হয়, তা জানা প্রত্যেকের জন্য জরুরি।অনুষ্ঠানের ও ফাউন্ডেশনের সভাপতি হারুন আর রশিদ বলেন, কিডনি রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে ৬০ ভাগ ক্ষেত্রে সম্পূর্ণ নিরাময় সম্ভব। এই রোগ প্রতিরোধে উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ ছাড়াও প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট হাঁটা, অতিরিক্ত লবণ না খাওয়া, ফাস্টফুড ও চর্বিজাতীয় খাবার না খাওয়াসহ ধূমপান বর্জনের পরামর্শ দেন তিনি। জাতীয় অধ্যাপক এম আর খান বলেন, এ রোগ চিকিৎসার খরচ চালানোর সাধ্য অনেকেরই নেই। অন্যদিকে কিডনি বেচাকেনায় দালাল চক্রের দৌরাত্ম্য আছেই। তিনি বলেন, মৃত্যুর পর মানুষ যেন নিজের কিডনি অন্যদের দান করেন সে বিষয়ে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে।অনুষ্ঠানে জানানো হয়, ফাউন্ডেশন পাবনার বনগ্রামে ৫০ শয্যার কিডনি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে। ব্যয় হবে ১২ কোটি টাকা, এর ৮০ শতাংশ অর্থ দেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস ও কিডনি ফাউন্ডেশনের মহাসচিব মুহিবুর রহমান বক্তব্য দেন। ‘আপনার কিডনি সম্পর্কে জানুন ও কিডনি রোগ থেকে বাঁচুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার থেকে কিডনি ফাউন্ডেশনে দুই দিনব্যাপী আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনার শুরু হচ্ছে।