নিজের ঘরে গণধর্ষণের শিকার কর্মজীবী কিশোরী
বাল্ব তৈরির কারখানায় কাজ করে ১৪ বছরের মেয়েটি। থাকে যাত্রাবাড়ীর কুতুবখালীতে। ক্লান্ত দিন শেষে মেয়েটি ঘুমিয়ে ছিল নিজের ঘরে। শুক্রবার রাত দেড়টার দিকে দরজায় কড়া নাড়ার শব্দে ঘুম ভাঙে তার। পাশের ঘরের ভাড়াটে আলী ডাকাডাকি করছেন। দরজা খোলার পর চার-পাঁচজন যুবক হুড়মুড় করে ঢুকে পড়েন ভেতরে। গণধর্ষণের শিকার হয় মেয়েটি।
এ ঘটনায় শনিবার রাতে কিশোরীর চাচি যাত্রাবাড়ী থানায় আলীসহ পাঁচজনকে আসামি করে একটি মামলা করেছেন। পুলিশ আলমগীর নামে আলীর এক সহযোগীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে। অপর আসামিরা পলাতক।
পরিবার গণধর্ষণের কথা বললেও পুলিশ বলছে, একজনই কিশোরীটিকে ধর্ষণ করেছেন। মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
সম্প্রতি শিশু ও নারী ধর্ষণের ঘটনা সারা দেশে উদ্বেগ ছড়িয়েছে। গত মাসে রাজধানীতেই দুটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। এই ওসিসিতেই চিকিৎসাধীন দিনাজপুরে ধর্ষণ ও বর্বরতার শিকার পাঁচ বছরের আরেকটি শিশু। গত মাসের শেষে রাজধানীর দক্ষিণখানে দরজা ভেঙে ঘরে ঢুকে এক কিশোরীকে ধর্ষণ করে স্থানীয় সন্ত্রাসীরা। বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে ধর্ষণের শিকার হয়েছে ৪৬৬ জন নারী। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২৬ জনকে।
শুক্রবারের ঘটনার বিষয়ে পুলিশ জানায়, ওই কিশোরী একটি বাল্ব কারখানার শ্রমিক। শুক্রবার রাত দেড়টার দিকে পাশের ঘরের বাসিন্দা আলীসহ চারজন তার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয় তাকে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ধর্ষণের ঘটনায় আলীর সহযোগী আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।