নিজের চিংড়ি মহালের ইজারা বাতিলের নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী
ছবি: সংগৃহীত

পৈতৃক সূত্রে পাওয়া চিংড়ি মহালের ইজারা বাতিলের নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। চিংড়ি মহাল ইজারার বিষয়টি তাঁর মন্ত্রণালয়ভুক্ত হওয়ায় এ নির্দেশনা দেন মন্ত্রী। আজ বুধবার ভূমি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজ ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় জাতীয় চিংড়ি মহাল ব্যবস্থাপনা কমিটির সভা। সেই সভায় সভাপতিত্ব করার সময় এই নির্দেশ দেন ভূমিমন্ত্রী।

ভূমি মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চিংড়ি মহাল ইজারার ব্যাপারটি ভূমিমন্ত্রীর নিজ মন্ত্রণালয়ভুক্ত হওয়ায় নীতিগত কারণে পৈতৃক সূত্রে ইজারার স্বত্বপ্রাপ্ত (হস্তান্তরিত) চিংড়ি মহালের ইজারা বাতিলের এই নির্দেশনা দেন ভূমিমন্ত্রী।’

কক্সবাজারে ভূমিমন্ত্রীর এই চিংড়ি মহাল আছে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

সভায় এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার থেকে নির্বাচিত সাংসদ সাইমুম সরওয়ার কমল এবং জাফর আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন ভূমিসচিব মো. মোস্তাফিজুর রহমান।

ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আজ অনুষ্ঠিত হয় জাতীয় চিংড়ি মহাল ব্যবস্থাপনা কমিটির সভা
ছবি: ভূমি মন্ত্রণালয় সূত্রে পাওয়া

চিংড়ি মহালের রাজস্ব দিতে হয়রানি রোধে ভূমিমন্ত্রী অনলাইন ব্যবস্থাপনা চালুর নির্দেশ দেন আজ। তিনি চিংড়ি মহলের ইজারাগ্রহীতাদের দুর্ভোগ কমাতে রাজস্ব জমা প্রদানের সঙ্গে সঙ্গে ডিসিআর দিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করার জন্যও নির্দেশ দেন।

একই পরিবার থেকে একাধিক সদস্য যেন একই সঙ্গে চিংড়ি মহালের ইজারা না পান, সে ব্যাপারে যাচাইয়ের জন্য অটোমেটেড সিস্টেম তৈরি করার নির্দেশ দেন ভূমিমন্ত্রী। এ ছাড়া চিংড়ি মহাল নীতিমালা আধুনিকায়নসহ এনআইডি ব্যতীত চিংড়ি মহাল ইজারা না দেওয়ার ব্যাপারে আজ সভায় এক নীতিগত সিদ্ধান্ত হয়।

আজকের সভায় বিভিন্ন জেলার প্রতিবেদনের ভিত্তিতে ৪৪টি চিংড়ি মহালের ইজারার প্রস্তাব উত্থাপন করা হয়। এর মধ্যে সাতক্ষীরার ১৩৫ একর আয়তনের চিংড়ি মহাল চিংড়ি চাষের অনুপযুক্ত হওয়ায় তা জলমহালে রূপান্তর করার প্রক্রিয়া শুরু করার জন্য ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।

সারা দেশে প্রায় ১ হাজার ৫৯৬টি চিংড়ি মহাল আছে।