নির্মাণশ্রমিকদের জন্য রেশনব্যবস্থা চালু, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম এবং বাড়িভাড়া কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ইমারত নির্মাণশ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)। গতকাল সোমবার রাজধানীর তোপখানায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে বলা হয়, নির্মাণশ্রমিকেরা পরিবার-পরিজন নিয়ে কষ্টে জীবন যাপন করছেন। তাঁদের পেটে ক্ষুধা, চোখে ঘুম নেই। তাঁরা আন্তর্জাতিক বাজার অর্থনীতি বোঝেন না। তাঁদের দরকার কর্মসংস্থান, দুবেলা দুমুঠো ভাত। হঠাৎ করে নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় নির্মাণকাজ বন্ধ হয়ে যাচ্ছে। এতে বেকার হয়ে পড়ছেন নির্মাণশ্রমিকেরা। অন্যদিকে বাড়ছে প্রয়োজনীয় সব দ্রব্যমূল্য, বাড়িভাড়া। এ অবস্থায় শ্রমিকদের জীবনধারণ কষ্টকর হয়ে পড়েছে। এ থেকে উত্তরণের জন্য শ্রমিকেরা তাঁদের কর্মসংস্থান ঠিক রাখা, জিনিসপত্রের দাম ক্রয়ক্ষমতার মধ্যে আনা, বাড়িভাড়া কমানোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানান।সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিখিত বক্তব্য দেন। এ ছাড়া যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন, সহসাধারণ সম্পাদক জসিম উদ্দিন, আহমেদ মিয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।