নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
পবিত্র রমজান শুরুর আগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বেআইনিভাবে মূল্যবৃদ্ধি ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। গত রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনের ওপর শুনানি হয়। আজ মঙ্গলবার আবারও শুনানি হওয়ার কথা।বাণিজ্য মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রোববার রিট করা হয়। এতে বাণিজ্যসচিব, খাদ্যসচিব, ঢাকা ও চট্টগ্রামের জেলা প্রশাসককে বিবাদী করা হয়। ওই দিন আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। এ ব্যাপারে মনজিল মোরসেদ বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে পর্যাপ্ত ভ্রাম্যমাণ আদালত গঠন করে ঢাকা ও চট্টগ্রামের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের পাইকারি বাজার ও হাটবাজারগুলো তদারকির কাজ পরিচালনার নির্দেশনা চাওয়া হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে।