নিত্যপণ্যের লাগামহীন দামে ভোক্তারা দিশেহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলন আয়োজিত মানববন্ধন
ছবি: আহমেদ দীপ্ত

করোনা মহামারির ধাক্কায় কর্ম হারিয়ে, ব্যবসা গুটিয়ে অনেকে কষ্টে আছেন। এর মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম দিন দিন লাগামহীনভাবে বাড়ছে। এদিকে এলপিজির দামও বেড়েছে। ফলে ভোক্তারা এখন দিশেহারা।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশে এসব কথা বলেন বক্তারা।

নিত্যপ্রয়োজনীয় পণ্য ও এলপি গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে ‘জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলন’ নামে একটি সংগঠন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সিন্ডিকেটের কারসাজিতে নিত্যপণ্যের দাম লাগামহীন হয়ে পড়েছে। আবার এলপি গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এসব ব্যাপারে সিন্ডিকেটের লাগাম টেনে ধরা যাচ্ছে না।

আলু, পেঁয়াজ, চাল, তেল, এলপিজিসহ বিভিন্ন জিনিসের দাম কমাতে কমিটি গঠন করার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ মহিউদ্দিন মানববন্ধনে বলেন, যখন সরকার নিজেই ঘোষণা দেয় যে দু-এক মাসের মধ্যে নিত্যপণ্যের দাম কমবে না, তখন মুনাফাখোর ব্যবসায়ীরা দ্রব্যের দাম আরও বাড়াতে থাকে। এর মধ্যে হঠাৎ এলপিজির দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। সব মিলিয়ে ভোক্তারা দিশেহারা হয়ে পড়েছেন।

জাতীয় জাগো নারী ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রেহেনা আকতার বলেন, দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রায়ই রাস্তায় দাঁড়াতে হয়। অথচ দাম কমাতে উদ্যোগ নেওয়া হয় না। এদিকে কৃষকও কিন্তু ন্যায্যমূল্য পান না। ফলে একদিকে উৎপাদনকারীরা বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে ভোক্তারা কষ্ট পাচ্ছেন।

জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলনের সভাপতি মোহাম্মদ আতাউল্লাহ খানের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন সাবেক উপমন্ত্রী সাদেক সিদ্দিকী প্রমুখ।