নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বিভিন্ন সংগঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর তিন ফটোসাংবাদিকের ওপর পুলিশি হামলায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার সংগঠন। একই সঙ্গে গতকাল রোববার সংগঠনগুলো সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা করে বিবৃতি দিয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বিবৃতিতে বলেন, সাম্প্রতিককালে পুলিশ ও র‌্যাবের হাতে সাধারণ মানুষের নির্যাতন ও অধিকার হরণের ঘটনা বেড়েই চলেছে। ফলে আইন প্রয়োগকারী সংস্থা আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠানে রূপান্তরিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। শুধু ‘প্রত্যাহার’ ও ‘সাময়িক বরখাস্ত’ যথেষ্ট নয়। গণমাধ্যমকর্মীদের ওপর পুলিশের এহেন আচরণ শুধু গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী নয়, সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অসাংবিধানিক। মানবাধিকার প্রতিষ্ঠান আইন ও সালিশ কেন্দ্র সাংবাদিক নির্যাতনে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা গ্রহণের দাবি জানিয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বলেছে, দায়িত্বরত অবস্থায় সাংবাদিকদের ওপর পুলিশের এই হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ মফস্বল মানবাধিকার সাংবাদিক ফোরাম এক বিবৃতিতে উল্লেখ করেছে, দেশজুড়ে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। সাংবাদিকেরা সে চিত্র তুলে ধরতে গিয়ে শাসক জোটের ক্যাডার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনের শিকার হচ্ছেন।বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী সাংবাদিকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ করে বলেছেন, ‘এ বছরের শুরু থেকে এ পর্যন্ত ১১০ জন সাংবাদিকের ওপর হামলা দেখে মনে হয়, সরকার সাংবাদিকদের প্রতিপক্ষ হিসেবে মনে করে।’ গণসংহতি আন্দোলন সাংবাদিকদের ওপর পুলিশি হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাস বলে মন্তব্য করেছে। বাংলাদেশ জাতীয় ছাত্রদল ও নাগরিক সংগঠন তথ্য অধিকার আন্দোলন অভিযুক্ত পুলিশের বিচার না হলে সাংবাদিকদের ওপর নির্যাতন বাড়তে থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছে। নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, প্রগতিশীল শিল্প ও গণমাধ্যমকর্মী ফোরাম।