নিমতলীতে আগুন আতঙ্কে মানুষের নির্ঘুম রাত
আগুন-আতঙ্কে নিমতলীর শত শত মানুষ গতকাল রোববার রাস্তার ওপরেই নির্ঘুম রাত কাটালেন। গ্যাস সরবরাহ লাইনের ত্রুটির কারণে অবিরাম গ্যাস নির্গত হওয়ার শব্দ থেকে এ আতঙ্কের সূত্রপাত হয়।নিমতলীর বাসিন্দা মোহাম্মদ ফালান জানান, নবাব কাটরার বাসিন্দা ফরিদ মিয়ার পরিত্যক্ত বাড়ির গ্যাসের সংযোগ থেকে রাতে একটি নজেল চুরি হয়ে যায়। আনুমানিক রাত দুইটার দিকে প্রচণ্ড শব্দ হয় এবং ওই সংযোগ থেকে গ্যাস বের হতে থাকে। গ্যাস নির্গমনের শব্দে এলাকার মানুষের মধ্যে আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। শত শত লোক পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় চলে আসেন। আরেক বাসিন্দা রাজা মিয়া জানান, কেউ যাতে গ্যাসের আশপাশে আগুন জ্বালাতে না পারে, সে কারণে সবাই রীতিমতো পাহারা বসান। গ্যাসের উৎকট গন্ধে ও শব্দে আতঙ্ক ছড়ায় বেশি। তা ছাড়া যে বাড়িতে এই গ্যাস নির্গমনের এ ঘটনা ঘটেছে, সেই বাড়িতেই গত বছর ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন মারা যায়। এ কারণে আতঙ্ক বেড়ে যায়। ভোর চারটার দিকে সংযোগ মেরামত করার পর লোকজন ঘরে ফিরে যায় বলে তিনি জানান।