নিমতলীর অগ্নিকাণ্ডকে ‘হত্যাকাণ্ড’ উল্লেখ করে বিচার দাবি
পুরান ঢাকার নিমতলীর অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করেছে এসিড সারভাইভারস ফাউন্ডেশন (এএসএফ)। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি। গতকাল সোমবার দাবির সপক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তারা মানববন্ধন করে। এতে এসিড-সন্ত্রাসের শিকার অনেক নারী অংশ নেন।মানববন্ধনে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনিরা রহমান বলেন, যে আবাসিক ভবনে এতগুলো মানুষ বাস করে তার নিচতলায় রাসায়নিক দ্রব্যের গুদামঘর কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই গুদামঘরের কারণেই এতগুলো মানুষের প্রাণ ঝরে গেল। তাই নিমতলীতে যে ঘটনা ঘটেছে তাকে অগ্নিকাণ্ড না বলে হত্যাকাণ্ডই বলা উচিত। বক্তারা এসিড মনিটরিং সেল কার্যকর করা, রাসায়নিক দ্রব্যের ঝুঁকিপূর্ণ ব্যবহার রোধে ব্যবসায়ী ও ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা বাড়াতে কর্মসূচি নেওয়া এবং আইন বাস্তবায়নের দাবি জানান। মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহীন ইসলাম, ক্লোজ-আপ ওয়ান তারকা রুমী প্রমুখ উপস্থিত ছিলেন।