নিমতলীর নিহতদের স্মরণ: ৩ জুনকে অগ্নিসচেতনা দিবস পালনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার নিমতলীতে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে আয়োজিত সেমিনারের আলোচকেরা বলেছেন, অগ্নিকাণ্ডের প্রধান কারণ সচতেনতার অভাব। মানুষের মধ্যে সচেতনতা বাড়লে অগ্নিকাণ্ডের ঘটনা কমবে। প্রাণহানি ও সম্পদহানি কম হবে। গতকাল রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি ফর বার্ন ইনজুরিস। সোসাইটি ৩ জুনকে অগ্নিসচেতনতা দিবস হিসেবে পালন করতে সরকারের কাছে দাবি জানিয়েছে। দুই বছর আগে ২০১০ সালের ৩ জুন নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক মানুষ প্রাণ হারান।সেমিনারের আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা ও হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়কারী সামন্তলাল সেন বলেন, অগ্নিকাণ্ডের প্রধান কারণ সচেতনতার অভাব। বার্ন ইউনিটে চিকিৎসাধীন ৩১২ জনের মধ্যে ১০৩ জনই শিশু। একটু সচেতন হলেই এসব শিশুকে আগুন থেকে রক্ষা করা যেত। সামন্তলাল সেন আরও বলেন, ঢাকা মেডিকেল ছাড়াও সোহরাওয়ার্দী ও মিটফোর্ড হাসপাতালে আগুনে পোড়া রোগীর চিকিৎসা সম্প্রসারিত করা হয়েছে। চট্টগ্রাম, সিলেট ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইউনিট চালু করার কাজ সম্পন্ন হয়েছে। রাজশাহী, বগুড়া ও খুলনাতেও বিশেষজ্ঞ সার্জন পাঠানো হয়েছে। সচেতনতা বাড়ানো গেলে হাসপাতালগুলোয় হয়তো পৃথক ইউনিট চালুর দরকার হতো না। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক আবু নইম মো. শহীদুল্লাহ বলেন, গত বছর দেশে ছোট-বড় ১৫ হাজার অগ্নিকাণ্ড ঘটে। এর ২৩ শতাংশ চুলার আগুন, ১০ শতাংশ সিগারেট ও ৪৩ শতাংশের জন্য বৈদ্যুতিক গোলযোগ দায়ী। তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করে তা নির্মূলের উদ্যোগ নিতে হবে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, আগুনে পোড়া রোগীদের চিকিৎসা খরচ অন্য রোগীর চেয়ে ২০ থেকে ২৫ গুণ বেশি। ব্যয়বহুল ও প্রাণঘাতী এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সচেতনতার বিকল্প নেই। সমঝোতা স্মারক স্বাক্ষর: পোশাকশিল্পের কর্মীদের অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতন করতে বাংলাদেশ সোসাইটি ফর বার্ন ইনজুরিসের সঙ্গে গতকাল তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর আওতায় পোশাকশিল্পে কর্মরত সাড়ে তিন লাখের বেশি কর্মীকে পর্যায়ক্রমে অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতন করবে সোসাইটি।অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে বিজিএমইএ প্রতিনিধি ও সংগঠনটির মহাসচিব এহসানুল ফাত্তাহ বলেন, বার্ন ইউনিটের সম্পদের সীমাবদ্ধতা আছে। বিজিএমইএ ইউনিটকে সহায়তা দেবে।