নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হচ্ছে। যে কারণে নতুন করে নির্মিত প্রাথমিক বিদ্যালয়ের ভবনগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে সদস্যরা এ অভিযোগ করেন।সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকে কমিটির সদস্যরা নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করার জন্য ঠিকাদারদের দায়ী করেছেন।বৈঠক শেষে কমিটির সদস্য খাদিজা খাতুন সাংবাদিকদের বলেন, কমিটির বেশ কয়েকজন সদস্য নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে বিদ্যালয় ভবন তৈরি অভিযোগ তোলেন। তাঁরা নিজ এলাকার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, নিম্নমানের নির্মাণসামগ্রীর কারণে দু-এক বছরের মধ্যেই ভবনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এ জন্য কমিটি ভবিষ্যতে নতুন বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ভবন নির্মাণ ও সংস্কারের সময় সংশ্লিষ্ট এলাকার সাংসদদের জানানোর সুপারিশ করেন। সংসদ সচিবালয় সূত্র জানায়, ছাত্রী উপবৃত্তির টাকা অসচ্ছল ছাত্রীদের না দিয়ে অনেক বিদ্যালয়ের সচ্ছল পরিবারের ছাত্রীদের দেওয়া হচ্ছে বলে বৈঠকে কমিটির সদস্যরা অভিযোগ করেন। কমিটি বিষয়টি খতিয়ে দেখে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করে। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সীমানায় অবৈধ দোকানপাটসহ অন্য যেসব স্থাপনা আছে, সেগুলো অচিরেই উচ্ছেদের সুপারিশ করেছে। কমিটির সভাপতি মমতাজ বেগমের সভাপতিত্বে বৈঠকে সদস্য প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, আতিউর রহমান, আফাজ উদ্দিন আহমেদ, আবদুল মান্নান, খাদিজা খাতুন ও জোবেদা খাতুন অংশ নেন।