নিরক্ষরতা দূর করতে দরকার বাস্তবভিত্তিক পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ১১ থেকে ৪৫ বছর বয়সের প্রায় অর্ধেক মানুষ নিরক্ষর। এ অবস্থায় ২০১৪ সালের মধ্যে নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা নিরক্ষরমুক্ত দেশ গড়তে ২০২১ সাল পর্যন্ত সময় নিয়ে এবং সবার অংশগ্রহণে একটি বাস্তবভিত্তিক পরিকল্পনা নিয়ে ধাপে ধাপে এগোনোর সুপারিশ করেছেন।গতকাল বৃহস্পতিবার এক গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা এই সুপারিশ করেন। একই বৈঠকে সরকারপক্ষ অবশ্য বলেছে, যেকোনোভাবেই হোক, ওই সময়ের মধ্যে দেশকে নিরক্ষরমুক্ত করা হবে।আন্তর্জাতিক সাক্ষরতা দিবস সামনে রেখে দ্য ডেইলি স্টার ও বেসরকারি সংস্থা গণসাক্ষরতা অভিযান যৌথভাবে ‘বাংলাদেশের সাক্ষরতা পরিস্থিতি: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক ওই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, ‘নিরক্ষরতা দূর করতে সরকার হয়তো আরেকটি ক্র্যাশ প্রোগ্রাম তৈরি করছে। তবে ছয় মাস, নয় মাসের ক্র্যাশ প্রোগ্রামে যে এটা সম্ভব নয়, তাতে সন্দেহ নেই।’ তিনি আরও বলেন, সবাইকে নিয়ে বাস্তবসম্মত কর্মপন্থা ঠিক করতে হবে। টিআইবির চেয়ারম্যান এম হাফিজ উদ্দিন খানও কোনো কর্মসূচি বা প্রকল্প গ্রহণের আগে সবাইকে নিয়ে কর্মপন্থা ঠিক করার আহ্বান জনান।২০১৪ সালের মধ্যে দেশকে নিরক্ষরমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বলেন, নিরক্ষরমুক্ত দেশ গড়তে সবাইকে সম্পৃক্ত করেই কর্মপন্থা ঠিক করা হবে। এ ক্ষেত্রে অর্থসংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, এ জন্য তিন হাজার কোটি টাকা দরকার। সরকার নিজস্ব অর্থায়নে কাজ শুরু করেছে। এখন কিছু দাতা আগ্রহ দেখাচ্ছে।গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, ‘সবার জন্য শিক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা চাই সাক্ষর সমাজ তৈরি হোক। এ জন্য তড়িঘড়ি করা যেমন ঠিক হবে না, তেমনি বসে থাকলেও চলবে না।’শুভেচ্ছা বক্তব্যে ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম বলেন, দেশের উন্নয়নে সাক্ষরতার প্রসার খুবই গুরুত্বপূর্ণ। তিনি এ কাজে তাঁর প্রতিষ্ঠানের পক্ষ থেকে সব সময় সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণসাক্ষরতা অভিযানের চেয়ারপারসন কাজী রফিকুল আলম। অন্যদের মধ্যে বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, মুহাম্মদ ইব্রাহিম, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন, অধ্যাপক এম এম আকাশ, উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক রেজাউল কাদের, অধ্যাপক ছিদ্দিকুর রহমান, মেসবাহ কামাল, ফারাহ কবীর, সালমা আক্তার, শাহেদ আনাম প্রমুখ আলোচনায় অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেভ দ্য চিলড্রেন-ইউএসএর পরিচালক (শিক্ষা) হাবিবুর রহমান। দেশে সাক্ষরতার বর্তমান চিত্র তুলে ধরেন জিয়া উস সবুর।