নিরক্ষরমুক্ত দেশ গড়তে ছাত্রলীগকে এগিয়ে আসার আহ্বান
দেশকে নিরক্ষরমুক্ত করতে সরকারকে সহায়তা করার জন্য ছাত্রলীগের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, সরকার ২০১৪ সালের মধ্যে নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে কোনো সরকারই সময় নির্ধারণ করে বাংলাদেশকে নিরক্ষরমুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেনি। তাই দেশে নিরক্ষরতা দূর করতে ছাত্রলীগের তরুণ প্রজন্মকে সহায়ক ভূমিকা পালন করতে হবে।গত সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রলীগ আয়োজিত গণশিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, গঠনমূলক সামাজিক পরিবর্তনের জন্য প্রয়োজন মৌলিক পরিবর্তন। নিরক্ষরতা দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের মধ্য দিয়ে ছাত্রলীগ এ পরিবর্তন আনতে সক্ষম।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন বলেন, ২০১৪ সালের মধ্যে নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়তে হলে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম পরিচালনার বিকল্প নেই।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ একটি সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ হিসেবেই নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার কর্মসূচি হাতে নিয়েছে। আর এ কাজে সহায়তা করতে ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী। অন্যান্যের মধ্যে সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ার, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শেখ সোহেল রানা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বক্তব্য দেন।