নিরন্ন মানুষ আর অভুক্ত প্রাণীর পাশে 'জয় বাংলা'

বৈশ্বিক মহামারিতে রূপ নেওয়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশজুড়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে, তাতে কর্মহীন হয়ে পড়েছেন নিম্ন আয়ের হাজারো শ্রমজীবী মানুষ। পথে নামলেই চোখে পড়ছে সাহায্যপ্রার্থী সারি সারি মুখ। এ অবস্থায় এসব অসহায় মানুষের পাশে দাঁড়াতে নানাবিধ মানবিক কার্যক্রম নিয়ে হাজির হয়েছেন জয় বাংলা নামের একটা ফেসবুক গ্রুপের সদস্যরা। এক দিকে তাঁরা সংকটকালে টিকে থাকার জন্য দরিদ্র ও নিম্নবিত্ত ব্যক্তিদের আর্থিকভাবে সহযোগিতা করছেন, সেই সঙ্গে নিরন্ন মানুষের মুখে খাবার তুলে দেওয়ার পাশাপাশি ঢাকার বিভিন্ন এলাকায় অভুক্ত কাক-কুকুরের জন্যও খাদ্যের সংস্থান করছেন তাঁরা।
এই মুহূর্তে ফেসবুক গ্রুপটির সদস্যরা সপ্তাহে দুই দিন (শুক্র ও মঙ্গলবার) অন্তত ৪০০ মানুষের জন্য এক বেলা খাবারের ব্যবস্থা করছেন। খাবার তৈরি ও বিতরণের কাজে তাঁদের সহযোগিতা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত শিখধর্মাবলম্বীদের উপাসনালয় গুরুদুয়ারা নানকশাহী ও হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গঠিত সংগঠন বৃহন্নলার সদস্যরা। এ ছাড়া এর মধ্যে তাঁরা কয়েক শ হতদরিদ্র মানুষকে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল ও একটা সাবান দিয়ে তৈরি ত্রাণের প্যাকেট বিতরণ করেছেন। শহরের রিকশাচালক ও বস্তির সুবিধাবঞ্চিত মানুষের হাতে হাতে পৌঁছে দিয়েছেন মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। পাশাপাশি নিজেদের উদ্যোগে সুরক্ষা পোশাক (পিপিই) সংগ্রহ করে, তা তুলে দিয়েছেন কিছু স্বাস্থ্যকর্মীর হাতে।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত পাঁচজন দরিদ্র শিক্ষার্থী এবং সংকটকালে মুখ ফুটে সাহায্য চাইতে পারছে না, এমন কয়েকটি নিম্নমধ্যবিত্ত পরিবার পরিচালনার দায়িত্বও নিয়েছেন জয় বাংলার সদস্যরা। সেই সঙ্গে তাঁদের উদ্যোগে প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের কয়েকটি এলাকার অভুক্ত কাক ও কুকুরকে খাওয়ানোর কার্যক্রমও অব্যাহত আছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসাবেই বলা হচ্ছে, দেশে অঘোষিত লকডাউনের মধ্যে দরিদ্র জনগোষ্ঠী বা নিম্ন আয়ের দেড় কোটির বেশি মানুষকে খাদ্যসহায়তা দেওয়া প্রয়োজন। এই মুহূর্তে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা, সংগঠন এবং ব্যক্তিগত উদ্যোগে অনেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় নিজেদের মতো করে ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন।

গত শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালেয়র গুরুদুয়ারা নানকশাহীর সামনে গিয়ে দেখা যায়, ভেতর থেকে রান্না করা প্যাকেটজাত খাবার এনে গাড়িতে তোলার তোড়জোড় করছেন জয় বাংলার প্রতিষ্ঠাতা সদস্য মনসুর আহমদ, মো. দেলোয়ার হোসেন, আওলাদ হোসেন ও মো. আরিফুজ্জামান। খাবারের মেন্যুতে আছে সবজিখিচুড়ি ও একটি সেদ্ধ ডিম। ইফতারের খানিক আগে একটি মাইক্রোবাসে বৃহন্নলার সদস্যরা শ খানেক প্যাকেট খাবার সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন অভুক্তদের মধ্যে বিতরণের জন্য। আরেকটি ব্যক্তিগত গাড়িতে বাকি প্যাকেটগুলো নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে রওনা দিলেন জয় বাংলার দুই সদস্য। সেখানে প্রথমেই কিছু খাবার বিতরণ করা হলো পথশিশুদের সংগঠন সূর্য সারথীর সদস্যদের মধ্যে। বাকি খাবার বিলিয়ে দেওয়া হলো শাহবাগ, হাতিরপুল, কাঁটাবন ও সায়েন্স ল্যাবরেটরি এলাকায় পথের ধারে অপেক্ষারত বিপন্ন সাহায্যপ্রার্থী ও রিকশাচালকদের মধ্যে।
জয় বাংলা গ্রুপের প্রতিষ্ঠাতা তরুণ সদস্যদের সবাই সরকারি চাকরীজীবী ও স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। অন্যতম উদ্যোক্তা মনসুর আহমদ জানালেন, এই সংকটকালে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ও মানুষের পাশে থাকার অভিপ্রায়েই তাঁরা দুই মাস ধরে এই কার্যক্রম চালিয়ে আসছেন। এ জন্য প্রাথমিক পর্যায়ে নিজেদের পকেট থেকেই অর্থসংস্থানের কাজটি করেছেন তাঁরা। ধীরে ধীরে বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

মনসুর আহমদ বলেন, ‘পর্যাপ্ত অর্থ সহযোগিতা পেলে কাজটি আরও বিস্তৃত পরিসরে চালানো সম্ভব। সে ক্ষেত্রে হয়তো আরও কিছু অসহায় মানুষের মুখে আমরা হাসি ফোটাতে পারব। জরুরি ত্রাণ প্রয়োজন, এমন কারও খোঁজ দিতে কিংবা আমাদের কার্যক্রম চালিয়ে নিতে অর্থ সাহায্য দেওয়ার জন্য যোগাযোগ করতে আমরা দুটো হটলাইন চালু করেছি। এর একটি হচ্ছে ০১৬১১০৬৭৯৬৭, আরেকটি ০১৭৭৭৩৩৮৫০০।’
গ্রুপের আরেক সদস্য মো. দেলোয়ার হোসেনের ভাষ্য, ‘একাত্তরে মুক্তিযুদ্ধে দল–মতনির্বিশেষে সবার হৃদয় উৎসারিত স্লোগান ছিল জয় বাংলা। তাই আমরা এই নামেই গ্রুপটির নাম রেখেছি, যাতে সব পরিচয়ের ঊর্ধ্বে উঠে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ আমাদের কার্যক্রমে অংশীদার হতে পারে।’
এদিকে দরিদ্র মানুষের মধ্যে বিতরণের জন্য জয় বাংলার হয়ে খাবার তৈরির কাজে নিজেদের সম্পৃক্ত করার বিষয়ে গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটি বাংলাদেশের নির্বাহী সদস্য জহিরুল হক প্রথম আলোকে বলেন, ‘গুরুদুয়ারা সব সময়ই বিশ্বের নানা মানবিক উদ্যোগে নিজেদের সম্পৃক্ত করে থাকে। এই মুহূর্তে বাংলাদেশসহ গোটা পৃথিবী যে গুরুতর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তাতে আমাদের এই অবদান খুবই সামান্য। সুযোগ হলে আমরা বাংলাদেশের মানুষের জন্য আরও বেশি কিছু করার চেষ্টা করব।’