একটি চক্র সারা দেশে শিক্ষার্থীদের মগজ ধোলাই করে সংখ্যালঘু শিক্ষকদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। প্রশাসনের নীরবতা ওই চক্রকে শক্তি ও সাহস জোগাচ্ছে। সাভারে শিক্ষক হত্যা এবং নড়াইলে শিক্ষককে জুতার মালা পরানোসহ সংখ্যালঘু শিক্ষক নির্যাতনের ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার রাজধানীতে আয়োজিত পৃথক সমাবেশে এসব কথা বলেন শিক্ষক ও সংখ্যালঘু নেতারা। তাঁরা দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। শিক্ষক নেতারা বলেন, তাঁরা সামাজিক মর্যাদা চান, নিরাপত্তা চান, শ্রেণিকক্ষে থাকতে চান।
জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এবং বাংলাদেশ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান পরিষদ পৃথক সমাবেশের আয়োজন করে।
ছাত্রের স্টাম্পের আঘাতে গুরুতর আহত হয়ে সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ জুন মারা যান। এর আগে ১৭ জুন নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থী নিজের ফেসবুক পেজে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মাকে প্রণাম জানিয়ে ছবিসহ একটি পোস্ট দেয়। ওই ঘটনাকে কেন্দ্র করে পরদিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে প্রশাসনের উপস্থিতিতে মাইকে ঘোষণা দিয়ে জুতার মালা পরানো হয়। পুড়িয়ে দেওয়া হয় কলেজের তিন হিন্দু শিক্ষকের মোটরসাইকেল। এর আগে ২২ মার্চ ধর্ম অবমাননার অভিযোগে মুন্সিগঞ্জের সদর উপজেলার বিনোদপুর রামকুমার উচ্চবিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক হৃদয় মণ্ডলকে গ্রেপ্তারের ঘটনায় দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। ১০ এপ্রিল হৃদয় মণ্ডল জামিনে মুক্ত হন।
‘সভ্য সমাজে এটা হতে পারে না’
বাংলাদেশ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান পরিষদের সমাবেশে বক্তারা দুষ্টচক্রের হাত থেকে নিরীহ শিক্ষকদের বাঁচানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান। চট্টগ্রাম, সিলেট, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, নড়াইলসহ সারা দেশে শিক্ষক নির্যাতন এবং সাভারের আশুলিয়ায় শিক্ষক হত্যার প্রতিবাদে আজ শিক্ষক বন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। তাঁরা শিক্ষক সুরক্ষা আইন করার দাবি জানান।
সমাবেশে পরিষদের সভাপতি নৃপেন্দ্র চন্দ্র দাস বলেন, শিক্ষকদের বিরুদ্ধে যে নির্যাতন, হয়রানি ও হত্যার ঘটনা ঘটছে, তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। কোনো সভ্য সমাজে এটা হতে পারে না।
পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আলম বলেন, ‘বিচারহীনতার কারণে শিক্ষকেরা লাঞ্ছিত হচ্ছেন। এ লজ্জা জাতির। কিছু অভিভাবকও শিক্ষকদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করেন। অত্যন্ত দুঃখজনক যে এত ঘটনা ঘটে যাচ্ছে, অথচ শিক্ষা মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা আসেনি। আমরা শিক্ষকেরা নিরাপত্তা চাই, শ্রেণিকক্ষে থাকতে চাই।’
সমাবেশে আরও বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক দুলাল চন্দ্র চৌধুরীসহ অনেকে।
‘ওরা হিন্দু শিক্ষকদের ঝেঁটিয়ে বিদায় করতে চায়’
আজ সকালে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আয়োজিত প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, কথিত ধর্ম অবমাননার কথা বলে এর আগেও দেশের বিভিন্ন জেলায় হিন্দু শিক্ষকদের ওপর অত্যাচার করা হয়েছে। পুলিশ অতি উৎসাহী হয়ে শিক্ষকদের নিরাপত্তার কথা বলে গ্রেপ্তার করছে। এর আগে একই কায়দায় নারায়ণগঞ্জে শ্যামল ভক্তকে কান ধরে ওঠবস করানো হয়েছে, মুন্সিগঞ্জের হৃদয় মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে, লতা সমাদ্দার, রুমা সরকার, সঞ্জয় সরকার, উমেশ রায়, মিল্টন তালুকদারসহ অনেককে হয়রানি করা হয়েছে।
সমাবেশে সভাপতির বক্তব্যে হিন্দু মহাজোটের সভাপতি প্রভাস চন্দ্র রায় দাবি করেন, সংখ্যালঘু শিক্ষকসহ লোকজনের ওপর হামলা ও হয়রানির প্রতিটি ঘটনা যেন সরকার পৃথকভাবে তদন্ত করে দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনে।
মহাজোটের নির্বাহী মহাসচিব ও মুখপাত্র পলাশ কান্তি দে বলেন, একটি গোষ্ঠী ছাত্রদের মগজ ধোলাই করে হিন্দু শিক্ষকদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার লক্ষ্যে ওই গোষ্ঠী সফলভাবে পাঠ্যপুস্তকে পরিবর্তন এনেছে। এখন ওরা হিন্দু শিক্ষকদের ঝেঁটিয়ে বিদায় করতে চায়।
বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের সভাপতি প্রদীপ কান্তি দে বলেন, সারা দেশে হিন্দু শিক্ষক ও এ সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি সুধাংশু চন্দ্র বিশ্বাস, সহসভাপতি রনজিত মৃধা ও প্রভাস চন্দ্র মণ্ডল, যুব মহাজোটের সাধারণ সম্পাদক রাজেস নাহা, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সজীব বৈদ্য।