নিরাপদ ঈদযাত্রার পদক্ষেপ এখনই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজানে যানজট নিরসন ও নিরাপদ ঈদযাত্রায় সরকারি সংস্থাগুলোকে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় পবা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, রমজান শুরু হওয়ার পরই রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঈদকে সামনে রেখে যাতায়াতব্যবস্থায় চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ঈদে ঘরমুখো মানুষ সড়কপথে মর্মান্তিক দুর্ঘটনাসহ রেল ও নৌপথে নানাভাবে সীমাহীন দুর্ভোগের শিকার হয়। তাই সরকারি সংস্থাগুলোকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বক্তারা বলেন, ঢাকা শহরে যানজটের অন্যতম কারণ হলো বিপণিবিতান, বাণিজ্যিক ভবন ও অফিস ভবনের সামনে ফুটপাতে অবৈধভাবে গাড়ি পার্কিং করা। এতে ফুটপাতে ফুটপাতে হেঁটে চলাচল বাধাগ্রস্ত হয়। এ ছাড়া বাসস্ট্যান্ডে এলোমেলোভাবে যাত্রী ওঠানো-নামানো, সড়কের মোড়ে ও সিগন্যালে ট্রাফিক অব্যবস্থাপনা, উন্নয়নকাজে সড়ক খোঁড়াখুঁড়ি ও দখল, জলাবদ্ধতাও যানজটের জন্য দায়ী।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জাতীয় মহাসড়ক ও আঞ্চলিক সড়কে অতিরিক্ত যানবাহন, যানবাহনে অতিরিক্ত মালামাল পরিবহন, ট্রাফিক আইন প্রয়োগে শিথিলতা, ফিটনেসবিহীন, ত্রুটিযুক্ত যান চলাচলসহ বিভিন্ন কারণে যানজট বাড়ছে। এতে সড়কপথ প্রতিনিয়ত সম্প্রসারণ করা হলেও স্বাভাবিক অবস্থায় সড়কে অসহনীয় যানজট লেগে থাকে। মানুষকে ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ পোহাতে হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত ও ঢাকার যানজট কমাতে করণীয় বিষয়ে কিছু সুপারিশ করেছেন। সেগুলো হলো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, গার্মেন্টস প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ভাগ করে ঈদের ছুটি দেওয়া। রেলগাড়ি, বাস ও নৌযানের সংখ্যা বৃদ্ধি করা। বিআরটিসিসহ বেসরকারি বাস সার্ভিস কর্তৃক সর্বোচ্চ সেবা নিশ্চিত করা।
পবার সাধারণ সম্পাদক মো. আবদুস সোবহানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে পবার সম্পাদকমণ্ডলীর সদস্য হাসান তারিক চৌধুরী, ফেরদৌস আহমেদ উজ্জ্বল, শামীম খান, পবার সমন্বয়কারী আতিক মোরশেদ, মডার্ন ক্লাবের সভাপতি আবুল হাসনাত, প্রকৌশলী মো. সাত্তার, পবার সহসম্পাদক মো. সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।