নিরাপদ কর্মস্থলের অভাবে রানা প্লাজার ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে বিলস আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বলেছেন, নিরাপদ কর্মস্থলের অভাবেই রানা প্লাজার ঘটনা ঘটেছে। তারা এ ঘটনাকে মালিকদের ইচ্ছাকৃত অবহেলা এবং শ্রমিকদের মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেন।গতকাল শনিবার ধানমন্ডিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) কার্যালয়ে ১৩টি জাতীয় শ্রমিক সংগঠনের মোর্চা বিলস এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। বক্তারা বলেন, একই ভবনে থাকা ব্র্যাক ব্যাংক এবং দোকান মালিকেরা ভবনে ফাটল দেখে কর্মীদের সে জায়গা থেকে সরিয়ে নিতে পারলেন কিন্তু পোশাকশিল্পের মালিকেরা অতি মুনাফার লোভে এবং দৃষ্টিভঙ্গিগত কারণে শ্রমিকদের ডেকে এনে কাজ করতে বাধ্য করান। শ্রমিকের জীবনের মূল্যে এ খাত থেকে মালিকদের মুনাফা বা বৈদেশিক টাকা উপার্জন করা কতটুকু মানবিক তা নিয়ে নেতারা প্রশ্ন তোলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, পেশাগত দুর্ঘটনা ও সহিংসতায় গত এক যুগে শ্রমিকের প্রাণহানি বেড়েছে তিন গুণ। ২০০০ সালে পেশাগত দুর্ঘটনা ও সহিংসতায় মৃতের সংখ্যা ছিল ৩০১। ২০১২ সালে এসে তা দাঁড়িয়েছে ৯০৬। গত বছর কর্মক্ষেত্রে দুর্ঘটনায় সবচেয়ে বেশি শ্রমিক নিহত হন পরিবহন খাতে। সংখ্যাটি ছিল ২৪৯। তৈরি পোশাক খাতে নিহত হন ১৫৫ জন শ্রমিক। এর পরই নির্মাণ খাতে নিহত হন ১১৩ জন শ্রমিক। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বিলসের ভারপ্রাপ্ত মহাসচিব জাফরুল হাসান।আজ ২৮ এপ্রিল রোববার পেশাগত দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের স্মরণে ‘বিশ্ব নিরাপদ কর্মস্থল দিবস’ পালিত হবে। দিবসটি সামনে রেখে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বিলসের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান ভূঞা, উপদেষ্টা পরিষদের সদস্য রায় রমেশ চন্দ্র ও নির্বাহী পরিষদের সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।