নিরাপদ খাওয়ার পানির জন্য স্থানীয় সরকারকে ভূমিকা রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানির সহজলভ্যতা, গুণগতমান, ব্যবহার ও ব্যবস্থাপনার বিচারে দেশের চর, বরেন্দ্রভূমি, প্লাবনভূমি, পাহাড় ও উপকূলীয় অঞ্চল অনেক পিছিয়ে আছে। এর সরাসরি প্রভাব পড়ছে জনস্বাস্থ্যের ওপর। তবে সাধারণ মানুষের সহযোগিতায় সরকারি ও বেসরকারি উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি বদলানো সম্ভব। স্থানীয় সরকারকে এ ব্যাপারে কার্যকর ভূমিকা রাখতে হবে।রাজধানীর ডব্লিউভিএ মিলনায়তনে গতকাল সোমবার আয়োজিত ‘নিরাপদ খাবার পানি নিরাপত্তা, পয়োনিষ্কাশন এবং স্বাস্থ্য’ শীর্ষক জাতীয় কর্মশালায় বক্তারা এ কথা বলেন। বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ (বিসিএএস) এবং অল্টারনেটিভ মুভমেন্ট ফর রিসোর্সেস অ্যান্ড ফ্রিডম (এএমআরএফ) এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় ‘দরিদ্রদের পানীয়জলের নিরাপত্তা প্রকল্পের’ গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়।বিসিএএসের গবেষক দ্বিজেন মল্লিক বলেন, ওই সব এলাকায় দারিদ্র্যের হার বেশি। মানুষকে বরেন্দ্র এলাকায় পানি সংগ্রহের জন্য দূর-দূরান্তে যেতে হয়। এসব এলাকায় পর্যাপ্ত নলকূপ নেই। শুষ্ক মৌসুমে পানির সংকট বেড়ে যায়। একই চিত্র পার্বত্য চট্টগ্রামেও। গাইবান্ধার চরাঞ্চলে শুষ্ক মৌসুমে পানি থাকে না। বন্যার সময় নলকূপগুলো থাকে পানির নিচে। এসব এলাকায় খুব সহজেই ডায়রিয়ার মতো পানিবাহিত রোগ ছড়ায়। দেশের অন্যান্য অঞ্চলে আর্সেনিক, লবণাক্ততার কারণেও মানুষ নিরাপদ পানি থেকে বঞ্চিত হচ্ছে। তিনি আরও বলেন, স্থানীয় জ্ঞানের সমন্বয়ে সাধারণ মানুষের সহযোগিতায় ওই পরিস্থিতি বদলানো সম্ভব। দেখা গেছে, প্রকল্প এলাকার ৫৪টি গ্রামের প্রায় পাঁচ হাজার পরিবার নিজস্ব ব্যবস্থাপনায় নিরাপদ পানির সংস্থান ও পয়োনিষ্কাশনে ধীরে ধীরে উন্নতি করছে। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সরকারি প্রতিশ্রুতিসংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফজলে রাব্বি মিয়া বলেন, চরাঞ্চলে নলকূপ ঠিকমতো কাজ করে না। এখানে কী করলে সমস্যার স্থায়ী সমাধান হবে, এ ব্যাপারে গবেষণা হওয়া প্রয়োজন। বিসিএএসের নির্বাহী পরিচালক আতিক রহমান বলেন, নিরাপদ পানি ও পয়োনিষ্কাশন প্রতিটি মানুষের অধিকার। দরিদ্র মানুষের নিরাপদ পানি নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সংস্থাকে একযোগে কাজ করতে হবে।কর্মশালায় আরও বক্তব্য দেন প্রকল্পের সমন্বয়ক খোরশেদ আলম, এনজিও ফোরামের নির্বাহী পরিচালক এস এম এ রশিদ, বিসিএএসের গবেষক জাকিয়া নাজনীন প্রমুখ।