নিরাপদ পানীয় জল সরবরাহের দিক থেকে বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে আছে। ভূ-উপরিস্থ পানির সবচেয়ে বড় উৎস নদীগুলো দূষিত হয়ে পড়েছে। অন্যদিকে ভূগর্ভস্থ পানির ক্রমবর্ধমান ঘাটতির পাশাপাশি রয়েছে আর্সেনিক দূষণের সমস্যা।গতকাল বৃহস্পতিবার বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে বক্তারা অভ্যন্তরীণ নদীগুলো দূষণমুক্ত করা ও অভিন্ন আঞ্চলিক নদীগুলোর জন্য অববাহিকাভিত্তিক ব্যবস্থাপনার ওপরে জোর দেন। সেমিনারটির উপজীব্য ছিল এবারের পানি দিবসের স্লোগান, ‘পানি সহযোগিতা-বাংলাদেশের অঞ্চলভিত্তিক বাস্তবতা’।সভাপতির বক্তব্যে ডিপিএইচইর প্রধান প্রকৌশলী মো. নুরুজ্জামান চলতি বছরকে আন্তর্জাতিক পানি সহযোগিতা বর্ষ ঘোষণার প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, দূষিত পানির কারণে ডায়রিয়ায় প্রতিবছর প্রায় ৫০ হাজার শিশু মারা যায়। আর এই পানি দূষিত হয় শিল্প ও গৃহস্থালি বর্জ্যের মাধ্যমে। এই দূষিত পানির সংস্পর্শে এসে চর্মরোগ ও ক্যানসারের মতো রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সম্মিলিতভাবে পানিকে নিরাপদ করার জন্য কাজ করতে হবে।ইউরোপীয় ইউনিয়ন মিশনের প্রধান উইলিয়াম হানা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়েই পানির সংকট বাড়ছে। জলবায়ু পরিবর্তনের কারণে অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশেও সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ চ্যালেঞ্জ মোকাবিলাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম গ্রহণের পরামর্শ দেন তিনি।বিশ্বব্যাংকের পানি ও স্যানিটেশন-বিষয়ক আঞ্চলিক ওয়ার্কিং গ্রুপের পরামর্শক মার্ক এলেরি বলেন, উন্মুক্ত স্থানে মলত্যাগের প্রবণতা কমানোর ক্ষেত্রে বাংলাদেশের অনেক অর্জন থাকলেও নিরাপদ পানি সরবরাহ এখনো বড় সমস্যা। পানিকে নিরাপদ করার জন্য সরকারের পাশাপাশি নাগরিকদেরও ভূমিকা রাখা উচিত বলে মত দেন তিনি।ডিপিএইচই, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ, জাতিসংঘ তথ্যকেন্দ্র, বিশ্বব্যাংকের পানি ও স্যানিটেশন কর্মসূচি, বাংলাদেশ ওয়াশ অ্যালায়েন্স ও বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ (বিসিএএস) যৌথভাবে পানি সপ্তাহ পালনের অংশ হিসেবে এই সেমিনারের আয়োজন করে।পরিবেশবাদীদের কর্মসূচি: পানি দিবস উপলক্ষে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করার দাবিতে এক মানববন্ধনের আয়োজন করে। সদরঘাটের পন্টুনে এই মানববন্ধনে দেশের বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতা ও কর্মীরা অংশ নেন।