বিশ্ব রক্তদাতা দিবসের আলোচনায় বক্তারা বলেছেন, বর্তমানে দেশে প্রতিবছর আট লাখ ইউনিট ব্যাগ রক্তের প্রয়োজন। গত বছর ছয় লাখ ৯০ হাজার ব্যাগ রক্ত পাওয়া গেছে। এক লাখ ব্যাগের বেশি এই ঘাটতি পূরণে প্রয়োজন নিরাপদ রক্ত সঞ্চালনের মাধ্যমে নিয়মিত রক্তদান।
গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিশ্ব স্বাস্থ্য সংস্থা, স্বাস্থ্য অধিদপ্তর, বিএসএমএমইউ ও সন্ধানী কেন্দ্রীয় পরিষদ যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে। এবারের দিবসের মূল প্রতিপাদ্য ছিল ‘রক্ত আমাদের সংযুক্ত করে’। আর স্লোগান ছিল ‘আপনার রক্তেই জীবন আমার, রক্তদানে হোক জীবন সঞ্চার’।
প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউর উপাচার্য কামরুল হাসান বলেন, দেশে পেশাদার ও মাদকাসক্ত রক্তদাতার সংখ্যা কমেছে। নিরাপদ রক্ত সঞ্চালনের ব্যবস্থা আরও জোরদার করতে হবে, যাতে করে শতভাগ রক্তের চাহিদা মেটানো যায় স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে। দেশের এক-তৃতীয়াংশ মানুষ রক্ত দান করলে রক্তের নিয়মিত চাহিদা পূরণ সম্ভব।
মূল বক্তব্য উপস্থাপন করেন বিএসএমএমইউর চিকিৎসক সোনিয়া শারমিন। তিনি বলেন, নিরাপদ রক্ত পরিসঞ্চালন কর্মসূচির পরিসংখ্যানে দেখা যায়, বাংলাদেশে স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা গত ১০ বছরে ১০ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৩০ শতাংশে দাঁড়িয়েছে। থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় স্বেচ্ছায় রক্তদানের হার শতভাগ। ভারতেও এই হার ৬৫ শতাংশ। এই জায়গায় বাংলাদেশ এখনো পিছিয়ে।
চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মোসাম্মাৎ মুন্নি আক্তার (৮) থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। সভায় মুন্নি বলে, ‘আমাকে এক মাস পর পর রক্ত নিতে হয়। রক্ত না নিলে আমি থাকতে পারি না। রক্ত দিলে আমি ভালো থাকি। আমি পৃথিবীর সব রক্তদাতাকে এই দিবসে শুভেচ্ছা জানাই।’
সভায় সর্বোচ্চ রক্তদাতা এবং রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করে এমন একাধিক প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয়। সম্মাননা পাওয়া ২৮ বছর বয়সী দিনাজপুর মেডিকেল কলেজের চিকিৎসক উপল সেনগুপ্ত গত সাত বছরে ২৫ বার রক্ত দিয়েছেন। তিনি বলেন, ‘মেডিকেলের ছাত্র ছিলাম বলে আমি জানি, বুঝি ও উপলব্ধি করতে পেরেছি যে রক্তের প্রয়োজনীয়তা কতটুকু। আমাদের সবার নিয়মিত রক্ত দেওয়া উচিত।’
সভায় ব্লাড ট্রান্সফিউশন সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মাজহারুল হক, জাতীয় নিরাপদ রক্ত পরিসঞ্চালন বিশেষজ্ঞ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আসাদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
এর আগে দিবসটি উপলক্ষে বেলা ১১টায় বিএসএমএমইউ একটি শোভাযাত্রা বের করে।