নিরাপদ সড়কের দাবিতে বিআরটিএ চেয়ারম্যানের দপ্তরে শিক্ষার্থীরা
সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাকে ‘হত্যা’ উল্লেখ করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এর বিচার করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়াসহ ৯ দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রোববার বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন তাঁরা। একপর্যায়ে বিআরটিএ ভবনে প্রবেশ করে সংস্থাটির চেয়ারম্যানের দপ্তরের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে দাবি পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা বিআরটিএ কার্যালয় ত্যাগ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরের দিকে নিরাপদ সড়ক আন্দোলনের ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা বিআরটিএ ভবনের সামনে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা প্রধান সড়কে নেমে নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় পুলিশ তাঁদের বুঝিয়ে বিআরটিএ কার্যালয়ের ভেতরে নিয়ে যায়। ঘণ্টাখানেক পর চেয়ারম্যানের দপ্তরের সামনে অবস্থান নিয়ে বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নেওয়া নিশ্চিত করা, সড়কে প্রাণহানি বন্ধ, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে নানা স্লোগান দিতে থাকেন তাঁরা। এ সময় শিক্ষার্থীরা বিআরটিএ ভবনের লিফটের দরজাসহ বিভিন্ন স্থানে সারা বছর দিনের ২৪ ঘণ্টা শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ায় যাতায়াতের দাবি লিখে দেন।
ঘণ্টাখানেক এভাবে চলার পর বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার শিক্ষার্থীদের পক্ষ থেকে তিনজন প্রতিনিধিকে নিয়ে বৈঠক করেন। ওই এলাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন। সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে শাহীদুল ইসলাম, ইনজামুল হক ও তানজীদ সোহরাব বৈঠকে অংশ নেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, সারা বছর ২৪ ঘণ্টা হাফ পাসে (অর্ধেক ভাড়া) শিক্ষার্থীদের চলাচলের বিষয়টি বৈঠকে তোলা হয়েছে। বিআরটিএর চেয়ারম্যান বরাবরের মতো এবারও শুধুই আশ্বাস দিয়ে গেছেন।
স্টেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইনজামুল হক বলেন, তাঁরা শুধু আশ্বাস নয়, পদক্ষেপ চান। তিনি বলেন, এ নিয়ে গত ছয় মাসে তিনবার স্মারকলিপিসহ বিআরটিএ চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেছেন। আশ্বাস ছাড়া কিছুই পাননি।
পরে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো পর্যালোচনা করা হচ্ছে। শিগগিরই সমাধানের চেষ্টা করা হবে। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য চলতি মাসের মধ্যেই ট্রাস্টি বোর্ডের কার্যক্রম শুরু হবে। সেখান থেকে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা আর্থিক সহায়তা পাবেন।
বিআরটিএর চেয়ারম্যান আরও বলেন, সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার জন্য বিআরটিএ সপ্তাহে ছয় দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। কোনো বাসে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেকের চেয়ে বেশি ভাড়া আদায় করলে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি।
বিআরটিএ সূত্র জানায়, রোববার বেলা আড়াইটার দিকে সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে তিন চাকার যানবাহন চলাচলের নীতিমালা প্রণয়নের লক্ষ্যে আন্তমন্ত্রণালয় বৈঠক ছিল। এতে বিআরটিএর চেয়ারম্যানসহ অন্য কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু শিক্ষার্থীরা কক্ষের সামনে অবস্থান নেওয়ায় বিআরটিএর চেয়ারম্যান বের হতে পারছিলেন না। পরে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহারে রাজি হলে দুইটার পর চেয়ারম্যান বনানী থেকে সচিবালয়ের পথে রওনা হন।
শিক্ষার্থীদের ৯ দফা দাবির মধ্যে আরও রয়েছে গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করা। জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাত, পদচারী–সেতু কিংবা অন্য বিকল্প ব্যবস্থা দ্রুত চালু করা। গণপরিবহনশ্রমিকদের কর্মপরিবেশ ও কর্মঘণ্টা নির্ধারণ করে দেওয়া। পরিকল্পিত বাস স্টপেজ ও গাড়ি রাখার স্থান চিহ্নিত করে সেটির যথাযথ ব্যবহার নিশ্চিত করা। যানবাহনচালকদের প্রশিক্ষণের আওতায় আনা এবং বিআরটিএর সব কর্মকাণ্ডের ওপর নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করা।