নিরাপদে বাড়ি ফেরার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সেভ দ্য রোড’ নামের একটি সংগঠন ঈদে নিরাপদে বাড়ি ফেরার দাবিতে মানববন্ধন করেছে। জনগণের সচেতনতা ও সরকারের সদিচ্ছাতেই সড়ক দুর্ঘটনা কমতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

গতকাল শুক্রবার সকালে সেভ দ্য রোড জাতীয় প্রেসক্লাবের সামনে ‘অন্তত নিরাপদে ফিরতে দাও আপন ঠিকানায়’ শীর্ষক মানববন্ধন করে।

মানববন্ধনে সংগঠনটি তাদের নিজস্ব এক গবেষণার ফল তুলে ধরে। বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় গত ১০ বছরে মারা গেছেন ৩৩ হাজার ২০০ জন। ঈদের আগে প্রতিবছরই নৌ, সড়ক ও রেল দুর্ঘটনায় অনেক প্রাণহানি হয়। দুর্ঘটনার কারণ হিসেবে তাঁরা বলছেন, চালকের পর্যাপ্ত বিশ্রাম না নেওয়া, অতিরিক্ত যাত্রী বহন ও গতি, আইন না মানা ও সাবধানতার অভাব।

জাতীয় মহিলাধারার সহসাধারণ সম্পাদক রাবেয়া আক্তার বলেন, ‘ঈদের সময় চালক ঠিকমতো ঘুমানও না। এ অবস্থাতেই তাঁরা টানা গাড়ি চালান। আর জোড়াতালি দিয়ে গাড়ি তো চলতেই থাকে।’

বক্তারা সড়ক দুর্ঘটনা কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি অনুরোধ জানান। এ ছাড়া সড়ক দুর্ঘটনা রোধে জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানান।