বুড়িগঙ্গা নদীর পানিদূষণ রোধে আদালতের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতি তিন মাস পরপর জানাতে রাজধানীর ছয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। পাশাপাশি ওই ছয়জন ওসিকে হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।জানা যায়, বুড়িগঙ্গা নদীর পানিদূষণ রোধে জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের ওই বেঞ্চ ৪ মে রুল জারি করেন। এ ছাড়া অন্তর্বর্তীকালীন নির্দেশনায় আদালত বুড়িগঙ্গা নদীতে যাতে কেউ বর্জ্য ফেলতে না পারে, সে জন্য পুলিশ মোতায়েন করতে ডেমরা, লালবাগ, কামরাঙ্গীরচর, কোতোয়ালি ও হাজারীবাগ থানার পুলিশের ওসিকে নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অনুসারে পদক্ষেপ না নেওয়ায় এইচআরপিবির পক্ষে করা এক আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে ৭ জুন আদালত রাজধানীর সংশ্লিষ্ট থানাগুলোর ওসিকে সশরীরে আদালতে হাজির হতে নির্দেশ দেন। এ নির্দেশনা অনুযায়ী গতকাল সকালে আদালতে হাজির হন ছয় থানার ওসিরা। প্রায় এক ঘণ্টা তাঁরা বসে থাকেন আইনজীবীদের জন্য রাখা বেঞ্চে। ছয়জন ওসি হলেন কোতোয়ালি থানার সালাউদ্দিন খান, হাজারীবাগের এনামুল হক, লালবাগের মোহাম্মদ আলী, কামরাঙ্গীরচরের শফিকুল ইসলাম, ডেমরার মাহাবুব হোসেন ও কেরানীগঞ্জের মো. আসাদুজ্জামান।বেলা ১১টায় শুনানিতে এইচআরপিবির আইনজীবী মনজিল মোরসেদ বলেন, বুড়িগঙ্গার পানির দূষণ রোধে জনস্বার্থে রিটটি করা হয়। আদালতের নির্দেশনা ফলাওভাবে গণমাধ্যমে প্রকাশ ও প্রচারিত হয়েছে। এসব বিষয় সম্পর্কে তাঁরা অবহিত আছেন। কিন্তু এরপরও পদক্ষেপ নেননি। কাউকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য নয়, আদালতের নির্দেশনা বাস্তবায়নই উদ্দেশ্য। আদালতের নির্দেশ সবাই মানতে বাধ্য। হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে অগ্রগতির প্রতিবেদন দুই মাস পরপর দাখিল করতে নির্দেশনা দেওয়ার আরজি জানান তিনি।এ পর্যায়ে ওসিদের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোস্তফা জামান ইসলাম আদালতের নির্দেশনা বাস্তবায়নসংক্রান্ত কাগজপত্র আদালতে দাখিল করেন। তিনি বলেন, এ নিয়ে হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। এটি চলমান প্রক্রিয়া। অনুরূপ মন্তব্য করে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে আদালত বলেন, আদেশ সম্পর্কে তাঁদের ধারণা না থাকায় ডাকা হয়েছে। এক প্রতিবেদন অনুসারে ঢাকায় ১০ বছর পর পানি পাওয়া যাবে না। আদালত সংবিধানের ৭ অনুচ্ছেদের প্রতিনিধিত্ব করেন। কেবল আপিল বিভাগ আমাদের আদেশ পরিবর্তন করতে পারে, অন্য কেউ নয়। আদালতের নির্দেশনা কেউ অমান্য করলে আইনানুযায়ী এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আদালত বলেন, ‘এ দেশ আপনার-আমার সবার। এখন থেকে যদি নদী রক্ষা করা না হয়, তাহলে ভবিষ্যতে পানি পাওয়া যাবে না।’ দূষণ রোধের বিষয়ে কর্মকর্তাদের দৃষ্টি দেওয়ার ওপর জোর দিয়ে দুপুর ১২টায় আদেশ দেন আদালত।