নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, তবে বস্তির উন্নয়ন হয়নি
মহাখালীর ব্র্যাক সেন্টারের বহুতল ভবনের জানালা দিয়ে তাকালে একপাশে চোখে পড়বে সারি সারি বহুতল ভবন। আর উল্টোদিকে চোখ ফেরালেই বনানী লেকের পাশ দিয়ে দেখা যাবে হাজার হাজার বস্তিঘর।
রাজধানী ঢাকার চিত্র এমনই। এই শহরে সারি সারি ভবন আর অসংখ্য রাস্তাঘাটের উন্নয়ন হলেও বস্তির কোনো উন্নয়ন হয়নি। সুযোগ-সুবিধাও বাড়েনি। অথচ ভোটের আগে ঢাকার দুই মেয়রই বস্তি উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
ঢাকার সবচেয়ে বড় বস্তি বনানীর কড়াইলে। ঢাকা উত্তরের ১৯ ও ২০ নম্বর দুটো ওয়ার্ডে পড়েছে এই বস্তি। এখানে লক্ষাধিক লোকের বসবাস। ভোটার ৩৫ হাজার। নির্বাচনের আগে এখানে প্রচারণায় এসেছিলেন আনিসুল হক। এক বছর পরের অবস্থা কেমন—জানতে চাইলে এই বস্তির বাসিন্দা রিকশাচালক আজিমুদ্দিন, সোহেল মিয়া, দেলোয়ার হোসেনসহ অনেকেই হতাশার সুরে বলেন, নির্বাচনের আগে এখানকার এরশাদ স্কুল-মাঠে এসে আনিসুল হক বলেছিলেন, নির্বাচিত হলে বস্তির গ্যাস, পানি ও টয়লেট সমস্যার সমাধান করবেন। কিন্তু এক বছরে কোনো সমস্যার সমাধান হয়নি।