নির্বাচনে নীল দলের জয় সাদা দলের বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন বর্জন করেছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ ঘোষণা দেয়।এদিকে গতকাল বিকেলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের প্যানেলকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।সূত্র জানায়, গত বছরের ৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি নির্বাচনে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। কিন্তু নীল দলের দুই অংশের অভ্যন্তরীণ কোন্দলে একক সিদ্ধান্তে নির্বাচন স্থগিত করেন প্রধান নির্বাচন কমিশনার। তখন কমিশনের বাকি চার সদস্য পদত্যাগ করেন। পরে চলতি মাসের ১১ তারিখে নির্বাচনে করণীয় ঠিক করতে সাধারণ সভার আয়োজন করে শিক্ষক সমিতি। এতে ২৬ ফেব্রুয়ারি নির্বাচনের দিন নির্ধারণ করা হয়। এদিকে গতকাল বিকেলে নীল দলের দুই অংশকে একত্র করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নীল দলের সদস্যসচিব আশরাফ-উল-আলম সভাপতি ও নীল দলের আরেক নেতা এ কে এম মনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার অরুণ কুমার গোস্বামী।সংবাদ সম্মেলনে সাদা দলের সাধারণ সম্পাদক রইছ উদ্দীন বলেন, আগের বিতর্কিত নির্বাচন কমিশন বহাল থাকায় নির্বাচনে অংশ নেয়নি সাদা দল।অরুণ কুমার গোস্বামী প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ১৫টি পদে মোট ৩৩টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে গতকাল বেলা ১১টার আগে ১৮টি মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়। পরে নির্ধারিত ১৫টি পদে তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।