নির্বাহীপ্রধান মাহবুবকে প্রশিকার চাবি বুঝিয়ে দেওয়ার আদেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে বেসরকারি সংস্থা প্রশিকার প্রধান কার্যালয়ের চাবি সংস্থাটির নির্বাহীপ্রধান মাহবুব-উল-করিমকে বুঝিয়ে দিতে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা সাত দিনের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। গতকাল রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত চেয়ে প্রশিকার সাবেক চেয়ারম্যান কাজী ফারুক আহমেদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। পাশাপাশি এ সময়ের মধ্যে আবেদনকারীপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়েছে। আদালতে কাজী ফারুকের পক্ষে আইনজীবী ছিলেন রোকনউদ্দিন মাহমুদ। মাহবুব-উল-করিমের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আনিসুল হক ও মনিরুজ্জামান আসাদ।১৯ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আদেশ পাওয়ার দুই দিনের মধ্যে মাহবুব-উল-করিমকে চাবি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও মিরপুর অঞ্চলের উপপুলিশ কমিশনারের প্রতি এ নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে চাবি বুঝিয়ে দেওয়া হয়েছে। কয়েক মাস ধরে প্রশিকার প্রধান কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে নানা ঘটনা ঘটে। ১৩ জানুয়ারি পুলিশ প্রশিকা ভবনের নিয়ন্ত্রণ এবং সব প্রবেশপথে তালা লাগিয়ে চাবি নিজেদের কাছে নেয়।